২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্ধুত্বপূর্ণ সম্পর্কের’ আড়ালে এসেছিল অস্ত্রের চালান

কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের কারণে ১০ ট্রাক অস্ত্রের চালান ‘নির্বিঘ্ন হবে- এমন ধারণা ছিল উলফানেতা পরেশ বড়ুয়ার, যা উঠে এসেছে আদালতের রায়ে।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 01:08 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

২০০৪ সালে অস্ত্রের চালান আটকের পর তা দেখছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ২০০৪ সালে অস্ত্রের চালান আটকের পর তা দেখছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

দশ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে বলা হয়েছে, শুধু উলফা নয়, পাকিস্তান দূতাবাস, দুবাইভিত্তিক আগা রহমান ইউসুফ (এআরওয়াই) গ্রুপ, আমেরিকান দূতাবাসের সঙ্গেও নিবিড় সম্পর্ক ছিল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-ডিজিএফআইয়ে কর্মরত ওই কর্মকর্তাদের।

গত ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমান রায় ঘোষণার পর ৪ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায়ের একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে রয়েছে।

এনএসআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম এবং তৎকালীন পরিচালক (নিরাপত্তা) সাহাবুদ্দিনের স্বীকারোক্তি পর্যালোচনা করে বিচারক রায়ে বলেন, দুইজনের স্বীকারোক্তিতে পরিষ্কার প্রতিফলিত হয় যে তারা পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা এবং এআরওয়াই গ্রুপের সাথে যোগাযোগ রক্ষা করতেন।

রহিমের স্বীকারোক্তি থেকে উদ্বৃত করে রায়ে বলা হয়, এমনকি আসামি সাহাবুদ্দিনের বদলির ব্যাপারে আমেরিকান হাই কমিশনের দুইজন প্রতিনিধি পাঠিয়ে তদ্বির করার কথাও রহিমের স্বীকারোক্তিতে উঠে এসেছে।

রায়ে বলা হয়, পরেশ বড়ুয়া ও তার সহযোগী অনুপ চেটিয়ার সঙ্গে কয়েকজন সামরিক কর্মকর্তার সম্পর্ক ও যোগাযোগ ছিল।

মামলার আসামি হাফিজের স্বীকারোক্তি অনুযায়ী, পলাতক আসামি পরেশ বড়ুয়া তাকে বলেছিলেন- সাহাবুদ্দিন খুবই ‘পাওয়ারফুল’ লোক। পুলিশ, সিইউএফএল জেটি ঘাট, নৌবাহিনী, কোস্টগার্ড, সি-কাস্টম সবকিছুই আসামি সাহাবুদ্দিন ম্যানেজ করে নেবে।

অন্য আসামি ফিল্ড অফিসার আকবর হোসেনের স্বীকারোক্তি উল্লেখ করে রায়ে বলা হয়, সাহাবুদ্দিনের সাথে তখনকার সময়ের হাওয়া ভবনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে আকবর তার স্বীকারোক্তিতে জানিয়েছে।

এনএসআইয়ের সাবেক প্রধান রহিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ রায়ে উল্লেখ করা হয়।

জবানবন্দিতে রহিম বলেছিলেন, ২০০২ সালের ৩ জানুয়ারি তিনি এনএসআইয়ের ডিজি পদে যোগ দেন। পাঁচমাস পর সাহাবুদ্দিন এনএসআইতে ডিডি (উপ-পরিচালক) হিসেবে যোগ দেয়।

“সে একইসাথে উপ-পরিচালক ও আমার পিএস হওয়ায় সে সহজেই বিদেশী দূতাবাসের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে মেলামেশার সুযোগ পায়। এ সুযোগে সে পাকিস্তান দূতাবাসে কর্মরত আইএসআইয়ের অফিসার ব্রিগেডিয়ার মবিজ উদ্দিন ও কর্নেল শাহেদ মাহমুদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে।”

‘‘২০০৩ সালের জুন-জুলাই মাসে এআরওয়াই গ্রুপের কিউটিভি স্থাপন সংক্রান্ত বিষয়ে আমার স্ত্রীসহ ওই গ্রুপের আমন্ত্রণে দুবাই যাই। এআরওয়াই এর সাথে আমার বিষয়ে যোগাযোগ করে শাহেদ মাহমুদ ও মবিজ উদ্দিন। আর সমন্বয় করে সাহাবুদ্দিন।”

২০০৩ সালের প্রথমদিকে মবিজ ও শাহেদ কিছু মোবাইল মনিটরিং ইক্যুইপমেন্ট এনএসআইকে পাকিস্তানের পক্ষ থেকে উপহার দেয়।

২০০৪ সালে অস্ত্রের চালান আটকের পর তা দেখছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

২০০৪ সালে অস্ত্রের চালান আটকের পর তা দেখছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

২০০৪ সালে অস্ত্রের চালান আটকের পর তা দেখছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

তিনি জানান, দুবাই সফরকালে এআরওয়াই গ্রুপের এমডি সালমান ইকবাল ও তার বাবা আবদুল রাজ্জাক ইয়াকুবের সঙ্গে রহিমের দেখা হয় এবং বাংলাদেশে কিউটিভি সম্প্রচার বিষয়ে আলোচনা হয়।

২০০৪ সালের মার্চ মাসে সাহাবুদ্দিন তার ডিজি রহিমের সঙ্গে অফিসে দেখা করে জানিয়ে স্বীকারোক্তিতে রহিম বলেন, “সাহাবুদ্দিন অনুপ চেটিয়া বিষয়ে আলাপের চেষ্টা করে। আমার আগ্রহ না থাকায় সে আলোচনা বাদ দিয়ে বলে, আমাদের উলফাকে সাহায্য করা উচিত। আমি তার প্রস্তাবে ক্ষিপ্ত হই।”

পরিচালক (নিরাপত্তা) হিসেবে আমেরিকার সহযোগিতায় সাহাবুদ্দিন কাউন্টার টেরোরিজম সেল পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন বলেও স্বীকারোক্তিতে রহিম উল্লেখ করেছেন।

৩০ জানুয়ারি দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা অস্ত্র ও চোরাচালান আইনের মামলা দুটির রায়ের মধ্যে চোরাচালান মামলার রায়ে ১৪ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। পাশাপাশি অস্ত্র আইনের মামলায় একটি ধারায় তাদের ৩০ বছরের যাবজ্জীবন ও অন্য একটি ধারায় সাত বছরের কারাদণ্ড দেয় আদালত।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর আমির ও জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, বিএনপি নেতা ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া, সাবেক অতিরিক্ত শিল্প সচিব নুরুল আমিন, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহীম, এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার সাহাব উদ্দিন আহাম্মদ, এনএসআইয়ের সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইয়ের সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের তৎকালীন মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, ‘চোরাকারবারী’ হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ এবং চোরাকারবারিদের সহযোগী হাজি আবদুস সোবহান।

২০০৪ সালের ১ এপ্রিল রাতে আনোয়ারায় কর্ণফুলী নদী তীরে সিইউএফএল জেটিঘাটে দুটি মাছ ধরার ট্রলার থেকে অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় পুলিশ আটক করে।

পরে তদন্তে দেখা যায়, চীনের তৈরি এসব অস্ত্র ও গোলাবারুদ সমুদ্রপথে আনা হয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘উলফা’র জন্য। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে এই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল।

অস্ত্র উদ্ধারের পর ২০০৪ সালের ৩ এপ্রিল চট্টগ্রামের কর্ণফুলী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে একটি এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনে অন্য মামলাটি করা হয়।