২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েজ বোর্ড বাস্তবায়ন ১৯ সংবাদপত্রে: তথ্যমন্ত্রী

ছয় মাস আগে সাংবাদিকদের অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা করা হলেও দুটি আঞ্চলিকসহ ১৯টি সংবাদপত্র তা বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 07:10 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে সোমবার সংসদে তথ্যমন্ত্রী এই তথ্য জানান।

তথ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ১১৩টি এবং মফস্বলেও ১৯৮টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়।

এছাড়া ১০৭টি সাপ্তাহিক, ১৫টি পাক্ষিক, ২৮টি মাসিক, একটি ত্রৈমাসিক এবং একটি ষান্মাসিক পত্রিকা প্রকাশিত হচ্ছে।

দৈনিক ইত্তেফাক, বণিক বার্তা, প্রথম আলো, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ টুডে, দি নিউজ টুডে, ডেইলি স্টার, নিউ এইজ, নিউ নেশন, দি ইন্ডিপেনডেন্ট, ডেইলি সান, কালের কণ্ঠ, সমকাল, আমাদের সময়, দৈনিক বর্তমান, দৈনিক আমার সংবাদ এবং দি ঢাকা ট্রিবিউন অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন-ভাতা দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাওয়া তথ্যমতে, প্রথম আলো, ডেইলি স্টার, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ঢাকা ট্রিবিউন, দৈনিক ইত্তেফাক ও দি ইন্ডিপেন্ডেন্ট অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে। বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে কালের কণ্ঠ।

এছাড়া ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক স্বদেশ সংবাদ ও রংপুরের দৈনিক বাহের সংবাদ অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়িত করেছে বলে জানান ইনু।

গত বছরের ১৫ সেপ্টেম্বর সংবাদপত্র ও বার্তা সংস্থাগুলোর কর্মীদের বেতন গড়ে তাদের মূল বেতনের ৭৫ শতাংশ বাড়িয়ে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

অন্য পত্রিকায় ওয়েজবোর্ড বাস্তবায়িত না হওয়ার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, অষ্টম ওয়েজ বোর্ড সকল পত্রিকায় বাস্তবায়নের জন্য সাংবাদিক ও সংবাদপত্রের মালিক পক্ষের সমন্বয়ে আট সদস্যের একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। ওয়েজবোর্ড বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া।

মাইদুল ইসলামের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সম্প্রচারের শর্ত ভঙ্গ করায় দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

চ্যানেল দুটি পুনরায় চালুর অনুমতি দেয়ার বিষয়টি সরকার পরীক্ষা করে দেখছে বলেও জানান তিনি।

দৈনিক আমার দেশ বন্ধ করা হয়নি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় হতে ২০১৩ সালের ১ জুন আইন অনুযায়ী ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।

পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী পত্রিকাটির প্রকাশনা অব্যাহত ছিল উল্লেখ করে তিনি বলেন, ঘোষণাকৃত ছাপাখানা হতে পত্রিকাটি না ছেপে অনুমতি ছাড়াই অন্য ছাপাখানা হতে প্রকাশ করায় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলায় পত্রিকাটি জব্দ করা হয়।

বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আমার দেশ পত্রিকাটি প্রকাশনার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না, বলেন তথ্যমন্ত্রী।

মো. আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি টেলিভিশনের জন্য অনুসরণীয় বিজ্ঞাপন নীতিমালা নেই। তবে তথ্য মন্ত্রণালয় থেকে অবৈধ পণ্য/ঔষধ বিপণন বিষয়ে বিজ্ঞাপন প্রচার না করতে বেসরকারি টেলিভিশন চ্যানেলকে নির্দেশনা দেয়া হয়েছে।

জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ প্রণয়নের কাজ চূড়ান্ত পর্ায়ে রয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এই নীতিমালা প্রণয়ন হলে জনস্বার্থের জন্য হানিকর, প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে অধিকতর বিধি-নিষেধ আরোপ করা যাবে।