২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির নৃবিজ্ঞানে ফের ফল বিলম্ব, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

পরীক্ষার ১৩ মাসেও ফল না পেয়ে গত দুই বছরের মতো এবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে তালা দিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 05:45 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

সোমবারও স্নাতকের ফল প্রকাশ ও স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের পরীক্ষার দাবিতে বিভাগীয় প্রধান ও শ্রেণিকক্ষে তালা দিয়ে অবস্থান ধর্মঘট করেন বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অবস্থান ধর্মঘট বিকাল ৫টা পর্যন্ত চলবে এবং সাতদিনের মধ্যে দাবি আদায় না হলে লাগাতার আন্দোলন শুরু করা হবে।

একই দাবিতে এর আগে ২০১৩ সালের ১৪ মার্চ ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ও ২০১২ সালের ১৬ জুলাই ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান, বিভাগের অফিস ও শ্রেণিকক্ষে তালা লাগিয়ে অবস্থান ধর্মঘট করেছিলেন। দুবারই তালা লাগানোর পরপর স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করে কর্তৃপক্ষ।

আন্দোলনকারী শিক্ষার্থীরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২০১৩ সালের জানুয়ারি মাসে স্নাতক চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন। এরই মধ্যে তারা স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের ক্লাসও শেষ করেছেন।

কিন্তু পরীক্ষার ফলাফল না হওয়ায় তারা স্নাতকোত্তরের পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারছেন না।

বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পদ্ধতির আইন অনুযায়ী, ১৯ সপ্তাহের মধ্যে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নিতে হবে এবং গ্রহণ ও ফলাফল প্রকাশের জন্য রয়েছে পাঁচ সপ্তাহ।

পরীক্ষার ১৩ মাস পেরিয়ে গেলেও এখনো ফলাফল প্রকাশ না হওয়াকে শিক্ষকদের উদাসীনতা ও স্বেচ্ছাচারিতা বলে অভিযোগ করেন তারা।

তারা শিক্ষকদের এই ব্যর্থতা কাঁধে নিতে চান না। ফলাফল প্রকাশের দাবিতে বিভাগীয় প্রধানের কাছে বারবার গেলেও তিনি শুধুই আশ্বাস দিয়েছেন, তাতে কোনো ফল হয়নি।

আন্দোলনকারীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই ব্যাচের শিক্ষার্থী হয়েও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান, সমাজকর্মসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ফলাফল অনেক আগে প্রকাশিত হয়েছে এবং স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের পরীক্ষাও অনেক আগে সম্পন্ন হয়েছে।

“অন্য বিভাগের শিক্ষার্থীরা যখন স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সেখানে তাদের স্নাতকের ফলাফলই প্রকাশিত হয়নি, এর চেয়ে লজ্জার আর কী আছে?”

বিভাগীয় প্রধান বর্তমানে ভারতে আছেন জানিয়ে কয়েকজন শিক্ষক আপাতত একদিনের জন্য তালা খুলে দিতে বললেও শিক্ষার্থীরা তা শোনেননি।

এ বিষয়ে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চূড়ান্ত পরীক্ষা কমিটির সভাপতি যেহেতু বিভাগীয় প্রধান, তাই এই নথিতে অন্য কারো হাত দেয়ার অধিকার নাই।

কবে নাগাদ ফল প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। ২৫ তারিখ বিভাগীয় প্রধান দেশে ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।