রাজধানীতে ২০ ভুয়া ডিবি পুলিশ আটক
রাজধানীর কেরানিগঞ্জ ও পশ্চিম রামপুরা থেকে ২০ প্রতারককে আটক করেছে পুলিশ।
পুলিশ বলেছে, তারা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল।
আটককৃতদের ১৪ জনকে মিরপুর মডেল থানা পুলিশ কেরাণিগঞ্জ এবং অন্যদের পশ্চিম রামপুরা থেকে ডিবি পুলিশ আটক করেছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
আটকদের কাছ থেকে চারটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, একটি শ্যুটার গান, এক রাউন্ড গুলি, ৫ জোড়া হাতকড়া, ৩টি ওয়াকিটকি, ৩টি স্পিকার ও দুটি সিগন্যাল ড্রেস জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, “গ্রেপ্তাররা ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করত।”
