২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-সিরাজগঞ্জে ৪ মৃতদেহ উদ্ধার  

চট্টগ্রামের পটিয়া ও সিরাজগঞ্জে অজ্ঞাত পরিচয় এক নারীসহ চার জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 01:17 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

রোববার রাত থেকে সোমবার সকালের মধ্যে লাশ চারটি উদ্ধার করা হয়।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি, পটিয়া সার্কেল) শামীম হোসেন জানান, সোমবার সকালে পটিয়া উপজেলার কমল মুন্সিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের পরনে রয়েছে জিন্স প্যান্ট ও লাশ শার্ট।

“নিহতের গলায় রশি পেঁচানো এবং চোখ উপড়ানো ছিল। ধারণা করা হচ্ছে রাতের কোন সময়ে তাকে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে রাখা হয়েছে।”

ময়নাতদন্তের জন্য মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ জানান, সোমবার ভোর ৬টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর এলাকায় মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃতদেহের বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের নাম ফয়জুল ইসলাম (২৬)।তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তারা কচুয়া গ্রামের আজিজুর রহমান আকন্দের ছেলে বলে জানান ওসি।

এছাড়া ভোর ৪টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সমবায় ফিলিং স্টেশনের কাছ থেকে নয়ন মিয়া (২৫) নামে আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়।

ওসি আলী ফরিদ বলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর পূর্নগ্রামের ঠান্ডু মিয়ার ছেলে নয়ন চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উভয় ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।

এদিকে রোববার রাত ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পাওয়ার প্ল্যান্ট এলাকায় যমুনার তীর থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে বলে জানান সদর থানার উপপরিদর্শক দুলাল হোসেন।

ওই নারীর বয়স আনুমানিক ২৪ বছর। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।