স্ত্রীর জামিন, দেলোয়ারের আবেদন নাকচ
আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তারকে জামিন দিলেও তার স্বামী ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের আবেদন নাকচ করেছে আদালত।
দুই আসামির আবেদনের শুনানি করে ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন সোমবার এই আদেশ দেন।
এর ফলে দেলোয়ারকে কারাগারেই থাকতে হচ্ছে। ২০১২ সালের ডিসেম্বরে আশুলিয়ায় তার কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক প্রাণ হারান।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পরদিন আশুলিয়া থানার উপপরিদর্শক খায়রুল ইসলাম অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে। ওই মামলায় নাশকতার পাশাপাশি অবহেলাজনিত মৃত্যুর ধারা যুক্ত করা হয়।
ওই মামলায় দেলোয়ার ও তার স্ত্রী মাহমুদা রোববার আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম তাদের দুজনকে কারাগারে পাঠান।
একদিন কারাগারে থেকে সোমবার জামিনের আবেদন আদালতে তোলা হলে বিচারক শর্তসাপেক্ষে মাহমুদাকে জামিন দেন বলে আসামিদের আইনজীবী এটিএম গোলাম গাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
আদালতের আদেশে বলা হয়েছে, “তাজরীনের চেয়ারম্যান মাহমুদার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার কোনো অভিযোগ আনা হয়নি। এ দম্পত্তির তিনটি সন্তান। এ দম্পত্তির ছোট ছেলের বয়স মাত্র দুই বছর। মানবিক কারণে তার জামিন মঞ্জুর করা হল।”
তবে এক মাসের এই অন্তর্বর্তী জামিন বহাল রাখতে মাহমুদাকে প্রত্যেক সপ্তাহে আদালতে হাজিরা দিতে হবে।
তাজরীন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকাণ্ডে আসামি দেলোয়ারের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে বিচারক তার জামিন আবেদন নাকচ করেন।
আদেশে বলা হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা জামিন অযোগ্য ধারা। এ কারণে এই মুহূর্তে আসামির জামিন আবেদন নাকচ করা হল।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।
ওই ঘটনার মামলায় গত ২২ ডিসেম্বর দেলোয়ার ও মাহমুদাসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি।
ঘটনার পর শ্রমিকরা অভিযোগ করেন, আগুন লাগার পরও কারখানার ছয়টি ফ্লোরের কয়েকটিতে দরজা আটকে রাখা হয়েছিল, শ্রমিকদের নিচে নামতে দেয়া হয়নি। এছাড়া ওই কারখানা নির্মাণের ক্ষেত্রে ইমারত বিধি অনুসরণ না করা এবং অবহেলারও প্রমাণ পাওয়া যায়।
পুলিশ যে অভিযোগপত্র দিয়েছে, তাতে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়।
প্রথম ধারায় আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও দ্বিতীয় ধারায় সর্বোচ্চ পাঁচ বছর জেল হতে পারে।
অভিযোগপত্রের ১৩ আসামির মধ্যে প্রকৌশলী এম মাহাবুবু মোর্শেদ, ফ্যাক্টরি ম্যানেজার আব্দুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শহীদুজ্জামান দুলাল ও প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু পলাতক।
তাজরীনের প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ম্যানেজার হামিদুল ইসলাম লাভলু, সিকিউরিটি সুপারভাইজার আল আমীন, নিরাপত্তারক্ষী রানা ওরফে আনারুল, স্টোর ইনচার্জ (সুতা) আল আমীন ও লোডার শামীম মিয়া জামিনে রয়েছেন।
আর কারখানার সিকিউরিটি ইনচার্জ আনিসুর রহমান রয়েছেন কারাগারে। রোববার তার জামিন আবেদনও আদালত নাকচ করে দেয়।
তাজরীন মালিক কারাগারে
তাজরীন মালিকসহ পলাতকদের গ্রেপ্তারের নির্দেশ
তাজরীন মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
