২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে তরুণীকে ধর্ষণ মামলার রায় ১৩ ফেব্রুয়ারি

মানিকগঞ্জে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের মামলার রায় দেওয়া হবে আগামী ১৩ ফেব্রুয়ারি।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 07:25 PM

Updated : 22 Aug 2022, 05:40 PM

দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে রোববার জেলা ও দায়রা জজ এ কে এম মোস্তফা দেওয়ান রায়ের জন্য এ দিন ধার্য করেন।

এ মামলার দুই আসামি বাসচালক দিপু মিয়া (৩০) এবং চালকের সহকারী কাশেম মিয়া (২৭) এখন কারাগারের আছেন।

পিপি আবদুস সালাম ও তৌহিদা খন্দকার জানান, মামলায় ১৪ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। মামলার রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা হবে বলে তারা আশা করেছেন।

এর আগে শুনানিতে অংশ নেন বাদীপক্ষে পিপি আবদুস সালাম, মহিলা আইনজীবী সমিতির তৌহিদা খন্দকার, ফাহমিদা আক্তার ও মনোয়ারা বেগম এবং আসামিপক্ষের মহিউদ্দিন আহমদ ও আবদুল জলিল মোল্লা।

গত বছরের ২৪ জানুয়ারি দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদরে চলন্ত বাসে এক তৈরি পোশাক শ্রমিক (১৯) ধর্ষণের শিকার হন। বাসচালক দিপু তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে তার সহকারী কাসেম ওই তরুণীকে ধর্ষণ করেন।

ওইদিন বিকালে মানিকগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ওই তরুনীকে উদ্ধার করে পুলিশ। পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করা হয়।

ঘটনার রাতেই ওই তরুণী বাদী হয়ে বাসচালক দিপু মিয়া ও সহকারী কাসেম মিয়াকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ওইদিন বিকালে পুলিশ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দিপুকে এবং রাতে ঢাকার আশুলিয়ার নবীনগর থেকে কাসেমকে গ্রেপ্তার করে। পরদিন (২৫ জানুয়ারি) দিপু ও কাসেম আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

বাসচালক দিপু মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার গুরকি গ্রামের আতরাফ হোসেনের এবং সহকারী কাশেম মিয়া (২৭) একই উপজেলার দুলাপাড়া গ্রামের বিন্দু মিয়ার ছেলে।