থানা হেফাজতে বিহারি যুবকের মৃত্যু, মিরপুরে সড়ক অবরোধ
রাজধানীর মিরপুরের পল্লবী থানা হেফাজতে বিহারী ক্যাম্পে আটকে পড়া পাকিস্তানি জনগোষ্ঠীর এক যুবকের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৃত জনি (২৫) মিরপুর ১১ নম্বরের ইরানি ক্যাম্পের গোলাম মোস্তফার ছেলে।
শনিবার মধ্যরাতের পর জনিসহ ৫ জনকে ক্যাম্প থেকে আটক করে পল্লবী থানায় নিয়ে যায় পুলিশ। ভোরে অসুস্থ বোধ করার পর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষর্শীরা জানান, জনির মৃত্যুর খবরে ক্ষুব্ধ বিহারি পল্লীর লোকজন দুপুরে মিরপুর ১১ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এসময় সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। দুপুর ২টার দিকে প্রায় আধঘণ্টা পর পুলিশ এলে বিক্ষুব্ধরা সড়ক ছেড়ে দিয়ে ক্যাম্পের দিকে চলে যায়।
তবে পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনির মৃত্যুর কারণে বিক্ষুব্ধ বিহারী পল্লীর লোকজন ১৫-২০ মিনিট সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এরপর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।
পুলিশের পক্ষ থেকে আটকদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করা হলেও স্বজনদের দাবি, একটি বিয়ের অনুষ্ঠান চলার সময় হঠাৎ পুলিশ এসে নির্বিচারে পিটিয়ে জনিসহ পাঁচজনকে থানায় ধরে নিয়ে যায়।
তাদের ধারণা, পুলিশের পিটুনির কারণেই জনির মৃত্যু হয়েছে।
উপকমিশনার ইমতিয়াজ বলেন, “শনিবার রাত আড়াইটায় মিরপুর বিহারি পল্লীতে একটি বিয়ের অনুষ্ঠানে স্থানীয় ইরানি ক্যাম্প ও রহমত ক্যাম্পের মধ্যে মারামারি হয়। মদ্যপান করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল।”
এঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে জনিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “থানা হাজতে আনার জনি অসুস্থ বোধ করলে মিরপুর আধুনিক হাসপাতালে চিকিৎসা দিয়ে আবার থানায় নিয়ে আসা হয়। ভোরে আবার অসুস্থ বোধ করলে তাকে প্রথমে মিরপুর আধুনিক হাসপাতাল এবং পরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জনির শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা স্বীকার করে ইমতিয়াজ বলেন, “এগুলো পুলিশের আঘাতের চিহ্ন নয়। নিজেরা মদ খেয়ে মারামারির কারণে সৃষ্ট আঘাতের চিহ্ন এগুলো।”
তবে জনির স্ত্রীর বড় ভাই পাপ্পু দাবি করেছেন, আটকের আগে জনির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইরানি ক্যাম্পে প্রতিবেশী বেলালের বিয়ের অনুষ্ঠান চলছিল। হঠাৎ করেই পুলিশ এসে মারধর শুরু করে। তাদের হাত থেকে নারীরাও রেহাই পায়নি।”
মারামারির কোনো ঘটনার কথা অস্বীকার করে তিনি বলেন, “ক্যাম্পের ভেতরে কিছু ঘটেনি। বাইরে কিছু হয়েছিল কিনা তা জানি না।”
