২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় এসএসসির প্রবেশপত্র না পেয়ে স্কুলে ভাংচুর

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা শুরুর আগের দিন প্রবেশপত্র না পেয়ে একটি ভোকেশনাল স্কুলে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 01:45 AM

Updated : 22 Aug 2022, 05:40 PM

শনিবার বিকেলে উপজেলার শাহজাহান কর্মাশিয়াল কম্পিউটার ইন্সটিটিউটের কার্যালয় ও শ্রেণিকক্ষে ভাংচুর চালানো হয় বলে পুলিশ জানায়।

সুন্দরগঞ্জ থানার ওসি কায়সার আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষার একদিন আগেও প্রতিষ্ঠানের সুপারিনটেন্ডেন্ট শাহজাহান মিয়া পরীক্ষার্থীদের প্রবেশপত্র দিতে পারেননি। তিনি বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের কোনো সদুত্তরও দেননি।

বিকাল পর্যন্ত প্রবেশপত্র পাওয়ার বিষয়ে কোনো আশ্বাস না পেয়ে স্কুলের কার্যালয় ও শ্রেণিকক্ষে ভাংচুর করে পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থী আজম মিয়া বলেন, প্রবেশপত্র হাতে না পেয়ে ১৪ জন শিক্ষার্থীর এবারের এসএসসির ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, তিনি এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দ্বায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি)রাশেদুল হক প্রধান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।