২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির হল থেকে চাপাতিসহ শিবিরকর্মী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে চাপাতিসহ এক শিবিরকর্মীকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রলীগকর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 08:02 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল থেকে আটক জসিম উদ্দিন ব্যবস্থাপনা বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গত ১২ জানুয়ারি ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষে এক শিবিরকর্মী নিহত হওয়ার পর হলটি সিলগালা করে দেয় প্রশাসন।

চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ছাত্রলীগ কর্মীরা জসিমকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

“এসময় তার ব্যাগ থেকে তিনটি চাপাতি জব্দ করা হয়।”

জসিমকে হাটহাজারি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মঈন।

চবি ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মামুন হোসেন বলেন, “আমানত হল সিলগালা করা থাকায় সেখানে কেউ যায় না। দুপুরে জসিমকে হলে দেখতে পেয়ে আমরা তার কাছে হলে প্রবেশের কারণ জানতে চাই।

“এসময় তার কাছে ধারালো অস্ত্র দেখতে পেয়ে পুলিশের কাছে সোপর্দ করি।”

এদিকে গ্রেপ্তারের ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করেছেন চবির শিবির নেতারা।

চবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রাজিবুল হাসান বাপ্পি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জসিম হলে প্রবেশ করেছে।”

জসিমের ব্যাগে চাপাতি পাওয়ার বিষয়টি ছাত্রলীগের সাজানো নাটক বলে দাবি করেন এই শিবির নেতা।