২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামইরহাটে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলায় এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 06:56 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ধামইরহাট হাটে শাহীন হোসেনের (১৮) লাশ পাওয়া যায়। শাহীন স্থানীয় আঙ্গুর হোসেনের (এঙ্গেল) ছেলে।

ধামইরহাট থানার ওসি একরামুল হক জানান, সকালে কসাইরা ধামইরহাট হাটে গরু জবাই করতে গেলে হাটের টিন শেডের দোকানে শাহীনের ঝুলন্ত লাশ দেখে স্বজনদের খবর দেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি একরামুল আরো জানান, ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।  এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

নিহতের বাবা আঙ্গুর হোসেন ও বড়ভাই মন্টুর দাবি, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি শাহীন। তার পরিচিত কয়েকজন বন্ধুই তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। যথাযথ তদন্ত করলেই প্রকৃত ঘটনা বের হবে।