২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: চট্টগ্রামে বাণিজ্যের শিক্ষার্থী বিজ্ঞানের ৩ গুণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবছর ব্যবসায় শিক্ষা থেকে বিজ্ঞান বিভাগের চেয়ে প্রায় তিনগুণ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2014, 06:55 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

বিজ্ঞানের ছাত্রদের সংখ্যা ছাড়িয়েছেন মানবিকের শিক্ষার্থীরাও।

আগামী রোববার বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা।

এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে তিনটি বিভাগ থেকে মোট ৯২ হাজার ১০০ জন শিক্ষার্থী  এসএসসি পরীক্ষায় অংশ নিতে চলেছেন বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক পিযুষ দত্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এবছর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১ হাজার ৮৭৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাদের মধ্যে ২৬ হাজার ১০৯ জন ছাত্র এবং ২৫ হাজার ৭৭০ জন ছাত্রী।

আর বিজ্ঞান বিভাগ থেকে ১৭ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে নয় হাজার ৯৫৭ জন ছাত্র এবং সাত হাজার ৪৮০ জন ছাত্রী।

এছাড়া মানবিকে ছয় হাজার ৯১০ জন ছাত্র এবং ১৫ হাজার ৮৬৫ জন ছাত্রীসহ মোট ২২ হাজার ৭৭৫ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

তিনি বলেন, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ১৫৯টি কেন্দ্রে পরীক্ষা হবে। এর মধ্যে ৩০টি নগরীতে এবং বাকিগুলো চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে।