সব হারিয়ে খোলা আকাশের নিচে
চারদিকে ধ্বংসস্তূপ, তারই মধ্যে এক বান্ডিল পোড়া টাকা নিয়ে বিমর্ষ মুখে বসে আছেন কারওয়ান বাজারের মাদ্রাসা শিক্ষক আবদুল জলিল।
রাজধানীর মগবাজারের মধুবাগ বস্তিতে তিন মেয়েকে নিয়ে গত ২০ বছর ধরে আবদুল জলিলের বসবাস। শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে এই বস্তির শতাধিক পরিবারের মতো তিনিও সর্বস্বান্ত হয়েছেন।
পোড়া টাকার বিষয়ে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কিছুদিন আগে রংপুরের পীরগঞ্জ থানার ১৩ নম্বর ইউনিয়নের একটি জমি বায়না করছিলাম। অনেক কষ্টে ৮০ হাজার টাকাও জোগাড় করছিলাম। ভাবছিলাম এলাকায় নিজের জমি হবে। আমার সব এখন শ্যাষ বাজান..”
বলতে বলতেই ডুকরে কেঁদে উঠেন জলিল, কারওয়ান বাজারের একটি ইবতেদায়ী মাদ্রাসায় আরবি পড়ানোর পাশাপাশি স্থানীয় শিশুদেরও পড়িয়ে যিনি সংসার চালান।
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সোয়া ৮টার দিকে হাতিরঝিল সংলগ্ন মধুবাগে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, অগ্নিকাণ্ডে বস্তির সবগুলো ঘরই ভষ্মীভূত হয়। এরই একটি ঘরে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় সবুজ (৩) নামের এক শিশুর।
সবুজের মা মর্জিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মগবাজারের একটি বাসায় তিনি গৃহকর্মীর কাজ করেন। তার স্বামী পেশায় দিনমজুর।
বড় মেয়ে সাথির (৭) কাছে সবুজকে রেখে সকালে কাজে বের হন মর্জিনা। বস্তিতে আগুন লাগলে সাথি প্রাণ বাঁচাতে দৌড়ে বেরিয়ে যায়। ভেতরে পুড়ে মারা যায় ঘুমন্ত সবুজ।
মর্জিনার মতো আগুন লাগার খবর পেয়েই বস্তিতে ছুটে আসেন হাসিনা বেগম (৩৫)। তিনিও গৃহকর্মীর কাজ করেন মগবাজারের এক বাসায়।
“আগুনের খবর পাইয়া দৌড় দিয়া আসছি।ভাবছিলাম মাইয়াডা আর নাই।”
শনিবার সকালে রিকশাচালক স্বামী মোহাম্মদ আলীর সঙ্গেই ঘর থেকে বেরিয়েছিলেন হাসিনা। আগুনের খবর পেয়ে ফিরে এসে দুই বছর বয়সী বর্ষাকে অক্ষত দেখে তাকে বুকে তুলে নিয়ে আনন্দে কেঁদে ফেলেন তিনি।
কাঁদতে কাঁদতেই হাসিনা বলেন, “ভাই, আমার ঘরের খাট, আলমারি, টিভি- সব পুড়ছে। অনেক কষ্ট কইরা টাকা জমাইয়া কিনছিলাম। তয় মাইয়াডা বাঁচছে, এইটাই আমার বড় সান্ত্বনা।”
আগুনে পোড়া বস্তির একপাশে সবুজ টিনের একটি আলমারি ধরে দাঁড়িয়ে ছিলেন তানিয়া বেগম (২২)। হাজারীবাগ পেট্রল পাম্পসংলগ্ন জিনস গার্মেন্টসের সুইং বিভাগে কাজ করেন তিনি।
কয়েকমাস আগে স্বামী ডাবলুকে নিয়ে এ বস্তিতে ওঠেন, ১৫শ টাকায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।
“নতুন সংসার, দুই জনে মিলে শখ করে টুকটাক অনেক কিছু কিনছিলাম। আগুন সব কেড়ে নিল।”
বাঁশ, কাঠ আর টিনের শতাধিক ঘরের এই বস্তিতে বসবাস করতেন তিন শতাধিক মানুষ। মাঘের শেষে এসে ঘর হারিয়ে তাদের অনেককেই রাত কাটাতে হবে খোলা আকাশের নিচে।
এই বস্তির পাশেই থাকা একটি রিকশার গ্যারেজও আগুনে পুড়েছে বলে জানালেন ওসি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তিন হাজার করে টাকা ও ২০ কেজি করে চাল দেয়া হবে। আর নিহত শিশুর পরিবার পাবে ২০ হাজার টাকা।
