২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা রেসিডেন্সিয়ালে চারদিনের বিজ্ঞান মেলা শুরু

৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে চারদিনব্যাপী বিজ্ঞান মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 10:03 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বৃহস্পতিবার ‘স্কয়ার ডিআরএমসি ৭ম জাতীয় বিজ্ঞান মেলা ২০১৪’-এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সুবহানী।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আজকের শিশু কিশোররাই আগামী দিনের নাগরিক। তাদেরকে বিজ্ঞান বান্ধব করে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি বিজ্ঞানবান্ধব জাতি অর্জন করা যাবে।”

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সাইন্স ক্লাবের সভাপতি মো: রাজিম মাখদুম বলেন,  “প্রতিবছরের মতো এবারও শিশু কিশোরদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।”

তিনি জানান, সারাদেশের ৬০টি স্কুল কলেজের শিক্ষার্থীরা এবারের বিজ্ঞান মেলায় অংশ নিচ্ছে, যার মূল স্লোগান ‘সেম্বার সুপরা’। লাতিন এই শব্দযুগলের বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘সর্বদা অগ্রগামী’।

মেলায় সাইন্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, প্রকল্প প্রদর্শনসহ  নানা আয়োজন রাখা হয়েছে বলে জানান রাজিম মাখদুম।

তিনি জানান,  মেলায় রেসিডেন্সিয়াল মডেল কলেজের ৩০টি বিজ্ঞান বিষয়ক প্রকল্পসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মোট ১৮৬টি বিজ্ঞান বিষয়ক প্রকল্প প্রদর্শিত হচ্ছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের জেনারেল ম্যানেজার আমিনুল হক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান মঈদ উদ্দীন খাদেম প্রমুখ।

মেলা ৮ চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মেলার মিডিয়া পার্টনার।