রাঙামাটিতে এসপি ও ওসি-র অপসারণ দাবি
পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে নিহত জিয়াউল হক কমলকে হত্যা করা হয়েছে দাবি করে রাঙামাটিতে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগ।
বৃহস্পতিবার রাঙামাটি প্রেসক্লাবের সামনে সমাবেশে স্থানীয় আওয়ামী লীগের নেতারা ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সুপার আমেনা বেগম ও কোতয়ালী থানার ওসি ইমতিয়াজকে অপসারণের দাবি জানান।
নিহত কমলকে জেলা প্রজন্ম লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা দাবি করেন নেতারা।
গত বুধবার মধ্য রাতে রাঙামাটি শহরের তবলছড়িতে কোতয়ালী থানা পুলিশের ধাওয়ায় আত্মরক্ষায় কাপ্তাই হ্রদে ঝাপ দিয়ে ডুবে মারা যান জিয়াউল হক কমল।
তার বিরুদ্ধে তক্ষক পাচারের ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় বন্যপ্রাণি সংরক্ষণ আইনের মামলা রয়েছে দাবি পুলিশের।
তবে কমলকে পুলিশ হত্যা করেছে অভিযোগ এনে দুপুরে জেলা আওয়ামী লীগ ও সমমনা সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ-সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে রাঙামাটি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন ও অন্যরা।
