আবার এল ডয়চে ভেলের ব্লগ প্রতিযোগিতা
গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ডয়চে ভেলের অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স’ এর দশম আয়োজন, যাতে বাংলা সহ বিশ্বের ১৩টি ভাষার অনলাইন এক্টিভিস্টরা অংশ নিতে পারবেন।
জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়েচে ভেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্টারনেট ব্যবহারকারীরা ৫ মার্চের মধ্যে www.thebobs.com/bengali ঠিকানায় প্রতিযোগিতার জন্য তাদের মনোনয়ন জমা দিতে পারবেন৷
বাংলা ছাড়াও যে ১৩টি ভাষার ব্লগ, মাইক্রোব্লগ, ওয়েবসাইট, ফেইসবুক পাতা, ইউটিউব চ্যানেল, পডকাস্ট বা অন্য কোনো অনলাইন প্রকল্প জমা দেয়া যাবে, সেগুলো হচ্ছে: আরবি, বাংলা, চীনা, জার্মান, ইংরেজি, ফরাসি, হিন্দি, ইন্দোনেশীয়, ফার্সি, পর্তুগিজ, রুশ, স্প্যানিশ, তুর্কি এবং ইউক্রেনীয়৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক জুরিমণ্ডলীর সদস্যদের মধ্যে আলোচনা এবং অনলাইন ভোটাভুটির ভিত্তিতে ‘দ্য বব্স' এর বিজয়ীদের নির্বাচন করা হবে৷
১৫ সদস্যের জুরিমণ্ডলী ভাষা-নিরপেক্ষ ছয়টি আন্তর্জাতিক বিভাগে, অর্থাৎ যেসব বিভাগে ১৪টি ভাষা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছে, সেসব বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড' বিজয়ী নির্বাচন করবেন৷
ভাষাভিত্তিক বিভাগগুলোতে ‘ইউজার প্রাইজ' বিজয়ী নির্ধারিত হবে অনলাইন ভোটের ভিত্তিতে৷
বাংলা ভাষার পক্ষে এই পর্যন্ত আলী মাহমেদের ব্লগ, আবু সুফিয়ানের ব্লগ এবং তথ্য কল্যাণী প্রকল্প ‘জুরি অ্যাওয়ার্ড' জয় করেছে৷
‘জুরি অ্যাওয়ার্ড' বিজয়ীরা আগামী জুন মাসে জার্মানির বন শহরে অনুষ্ঠেয় ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’ এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ পাবেন৷
