২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকে চুরির মামলা এখন র‌্যাবের হাতে

হাইকোর্টের নির্দেশের পর কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের টাকা চুরির মামলার তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 06:52 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ এর এএসপি রাজিব কুমার দেবের  হস্তান্তর করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবদুল মালেক।

ওসি আব্দুল মালেক জানান, এ সময় র‌্যাব-৯ এর ভৈরব ক্যাম্পের জিএম মঞ্জুর রহমান উপস্থিত ছিলেন।

পুলিশ মামলাটির সুষ্ঠু তদন্ত করতে পারবে না এ দাবি নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংস্থার করা রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গত সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটি র‌্যাবে হস্তান্তরের নির্দেশ দেয়।

কিশোরগঞ্জ শহরের রথখোলা এলাকায় সোনালী ব্যাংকের প্রধান শাখায় গত ২৬ জানুয়ারি সুড়ঙ্গ খুঁড়ে ভল্ট থেকে ১৬ কোটি ৯০ লাখ টাকা চুরি হয়।

দুই দিন পর রাজধানীর শ্যামপুর থেকে হাবিবুর রহমান ওরফে সোহেল রানা ও তার সহযোগী ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব। পাঁচটি বস্তায় তাদের কাছে মোট ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা পাওয়া যায়।

আসামিদের প্রকৃত পরিচয় ইউসুফ মুন্সি ও ইদ্রিস মুন্সি বলে পরে জানা যায়। ওদের বাড়ি পটুয়াখালীতে।