২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে হিন্দু সেবাশ্রমে ভাংচুর-লুটপাট

দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি হিন্দু ধর্মীয় সেবাশ্রমে হামলা, ভাংচুর ও লুটপাট হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 04:45 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার গড়নুরপুর গ্রামে শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রমে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনার ধরণ নিয়ে প্রশাসন ও সেবাশ্রমের কর্মকর্তারা পরস্পর বিরোধী ধারণা পোষণ করছেন। প্রশাসন একে ‘ডাকাতি’ বললেও সেবাশ্রম সংশ্লিষ্টরা ‘পরিকল্পিত হামলা’ বলছেন।

এই সেবাশ্রমটিতে মন্দির ছাড়াও অনাথ ও বৃদ্ধাশ্রম, দাতব্য চিকিৎসালয় রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও অনাথ আশ্রমের নৈশপ্রহরী অনাথ গৌরাঙ্গ ও বুধু জানান, রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে প্রায় ২০জন দুস্কৃতিকারী আশ্রমে ঢুকে তাদের দুইজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এবং তাদের মোবাইলফোন ও অটো চার্জার কেড়ে নেয়।

এরপর বিভিন্ন কক্ষে অবস্থানকারীদের ঘরের দরজা বাইরে থেকে আটকিয়ে লুটপাট ও ভাংচুর চালায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তারা জানান।

দাতব্য চিকিৎসালয়ের ডা. সঞ্জিব রায় বলেন, “দুষ্কৃতকারীরা দাতব্য চিকিৎসালয়ে আল্ট্রাসনোগ্রাম কক্ষে প্রবেশ করে একটি ল্যাপটপ নিয়ে গেছে এবং আল্ট্রাসনোগ্রাম মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি ভাংচুর করেছে।”

বৃদ্ধাশ্রমের অপর সদস্য রতিকান্ত রায় বলেন, “হামলাকারীরা সেবাশ্রমের মন্দিরে ঢুকে পূজার আসন ও পূজার সরঞ্জাম তছনছ করে এবং দেব-দেবীর ছবি মেঝেতে ফেলে দেয়।”

তবে হামলাকারীরা কাউকে মারধর করেনি বলে জানান তিনি।

সেবাশ্রমের পরিচালক নন্দ দুলাল চক্রবর্তী অভিযোগ, কোন মহল পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

তবে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ফয়সল ও কাহারোল থানার ওসি মোসাব্বিরুল হক বলেন, “এটি ডাকাতি।

“এর আগে পার্শ্ববর্তী পরমেশপুর বাজারে ৩-৪টি দোকোনে ডাকাতির পর এই ডাকাত দল সেবাশ্রমে আসে।”

পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দুস্কৃতিকারীদের ছাড় দেয়া হবে না বলেও তারা জানান।

জেলা প্রশাসক শামীম আল রাজী ও পুলিশ সুপার রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।