২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিকশাচালককে হত্যা: চার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় রিকশাচালক হত্যাকাণ্ডের ২২ দিন পর জড়িত চার ছিনতাইকারীতে গ্রেপ্তার করেছে পুলিশ।    

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2014, 01:39 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

ইপিজেড থানার ওসি আবুল মনসুর জানান, বুধবার রাতে নগরীর পতেঙ্গা ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আবুল কালাম (৩০), মো. মিরাজ (৩২), মো. শাহাদাত হোসেন (২২) ও মো. বেলাল (৩৫)।

পুলিশের দাবি এরা সংঘবদ্ধ গামছা পার্টির সদস্য এবং নগরীর বিভিন্ন স্থানে নিয়মিত ছিনতাই কাজের সাঙ্গে যুক্ত।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিকশাচালক নাজিম উদ্দিনকে এরা হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

গত ১৪ জানুয়ারি সকালে সিমেন্ট ক্রসিং এলাকার বিমানবন্দর সড়কের পাশে গলায় গামছা পেঁচানো ও চোখে মরিচের গুঁড়া লাগানো অবস্থায় পাওয়া যায় নাজিমের লাশ।

পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করে।

পুলিশ জানায়, ব্যাটারিচালিত রিকশা চুরির জন্যই নাজিমকে হত্যা করে গ্রেপ্তারকৃতরা।