পাটগ্রাম সীমান্তে পিটিয়ে বাংলাদেশি হত্যা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ওপারে গরু চুরির অভিযোগে পিটিয়ে এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে।
নিহত আমিনুল ইসলাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা তেলিপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সফিউল আলম খাঁন সফি জানান, বুধবার রাতে আমিনুল সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে যান। সেখানে গরু চুরির অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার-১০৪ বিএসএফ ব্যাটালিয়নের হিমকুমারী ক্যাম্পের সদস্যরা লাশ উদ্ধার করে মেখলিগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানোর পর রাতে আমিনুলের লাশ ফেরত আসে।
