গাড়ির ধাক্কায় বাখরাবাদ কর্মকর্তা নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বাখরাবাদ গ্যাসের এক কর্মকর্তা গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন।
নিহত ইয়াকুব আলী খান (৫৮) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপক ছিলেন। পীরবাড়ি এলাকায় কোম্পানির কোয়ার্টারেই তিনি থাকতেন। তার গ্রামের বাড়ি পাবনায়।
ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা ইয়াকুব আলীকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আলিম জানান।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ভোরে হাঁটতে বেড়িয়ে শহরতলির ঘাটুরা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে কথা বলার সময় একটি প্রাইভেট কার পেছন থেকে ইয়াকুবকে ধাক্কা দেয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে পাঠায়।
দুর্ঘটনার জন্য দায়ী প্রাইভেট কার ও চালক ইকবাল হোসেনকে পুলিশ আটক করেছে বলে উপ পরিদর্শক দেলোয়ার জানান।
