রাজশাহীতে পুলিশের গাড়ির দিকে বোমা
মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর হরতালের মধ্যে রাজশাহীতে পুলিশের গাড়ির দিকে হাতবোমা ছুড়েছে ইসলামী ছাত্র শিবির কর্মীরা।
রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল করিম জানান, শিবিরকর্মীরা সকাল ৯টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশ গেলে তারা পুলিশের গাড়ির দিকে একটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়।
হাতবোমাটি পুলিশের গাড়ির সামনে বিস্ফোরিত হলেও কেউ আহত হননি বলে জানান ওসি।
আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে জামায়াতের আমির নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে এই হরতাল করছে জামায়াত।
নগরীর শাহমুখদুম থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, সকাল সাড়ে ৭টার দিকে শিবিরকর্মীরা নগরীর নওদাপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের পর কাঠ জড়ো করে আগুন দেয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।
এর বাইরে হরতালে বড় কোনো গোলযোগ ঘটেনি বলে জানান তিনি।
