মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে কনস্টেবল নিহত, আহত এএসআই
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা সেতুর কাছে নৌ-ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হন এক এএসআইসহ তিনজন।
মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে ডাকাতদের সঙ্গে টহলরত নৌ-পুলিশের গোলাগুলির সময় কনস্টেবল মো. আব্দুল মালেক (৩০) নিখোঁজ হন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে তার লাশ পাওয়া যায়।
বুধবার বাদ আসর মুন্সীগঞ্জ পুলিশ লাইন মাঠে জানাজা শেষে মালেকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মালেকের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার কালিয়া গ্রামে।
জানাজায় মালেকের ভাইসহ কয়েকজন স্বজন, ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল আলম, মন্সীগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলার এডিএম নজরুল ইসলাম সর্দারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংঘর্ষে আহতরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ কুমার (৩১), কনস্টেবল মো. ইব্রাহিম (৩০) ও কনস্টেবল মো. শামীম (৩০)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে টহলরত নৌ-পুলিশ ডাকাতদের ধাওয়া করলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে কনস্টেবল মালেক মেঘনায় ডুবে যান। পুলিশের ট্রলারে চার পুলিশ সদস্য ছিলেন।
পুলিশ ১০ রাউন্ড গুলি ছুড়েছে। ডাকাতরা গুলি চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। ইটপাটকেলে তিন পুলিশ সদস্য আহত হন।
ডাকাতরা গুলিবিদ্ধ হলেও কুয়াশার কারণে তাদের আটক করা যায়নি। ডাকাতদের সংখ্যাও জানা যায়নি।
তবে, ডাকাতদের ব্যবহৃত ট্রলার লুন্ঠিত মালামালসহ আটক করা হয়েছে। ট্রলার থেকে বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
গজারিয়া থানার ওসি মামুন-অর-রশীদ জানান, ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মেঘনা সেতুর দক্ষিণ পাশে ভোর ৪টার দিকে উদ্ধার তৎপরতা শুরু করে। সকাল সোয়া ১০টায় তারা মালেকের মরদেহ উদ্ধার করে।
মালেকের বাম চোখের নিচে রাম কোপের এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে তার শরীরের কোথাও গুলির চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে আঘাতের পর তিনি মেঘনায় পড়ে যান।
মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধ, পুলিশ নিখোঁজ
