নরসিংদীতে নাঈম হত্যায় গ্রেপ্তার ৪
নরসিংদীতে কিশোর নাঈম হত্যায় জড়িত অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন কাউসার, সাইফুল ইসলাম, ফয়সাল মিয়া ও সিরাজুল খন্দাকার।
নরসিংদীর পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদ উদ্দিন জানান, গ্রেপ্তাররা পুলিশের কাছে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মাদক নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে তারা জানিয়েছেন, বলেন এসপি।
জেলা শহরের বাসাইল মহল্লার নোয়াব আলীর ছেলে নাঈম মিয়া গত বুধবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শুক্রবার সন্ধ্যায় একই মহল্লার একটি নির্মাণাধীন বাড়ি থেকে ইট দিয়ে মাথা থেঁতলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
