জয়পুরহাটে ৬৫ লাখ টাকা লুট, গ্রেপ্তার ৫
জয়পুরহাটে বৃটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানীর অফিসের নৈশ্য প্রহরীকে হত্যার করে ৬৫ লাখ টাকার ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই ডাকাতির ৩৯ দিন পর বৃহস্পতিবার ভোরে বিভিন্ন জেলায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তারের সময় লুটকৃত ৬৫ লাখ টাকার ১৬ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্ট গ্রামের ময়েন উদ্দিন(৪৫), ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতরাইল গ্রামের ফরিদ হাওলাদার(৪১), সালঘাট গ্রামের বেলায়েত হোসেন(৪৩), যশোরের মুনিরামপুর উপজেলার জামজামি গ্রামের সিরাজ বাউল(৩৮) ও খুলনার তেরখাদা উপজেলার হরিকালী গ্রামের মিজানুর রহমান(৪০)।
গত ২১ ডিসেম্বর রাতে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার বৃটিশ-আমেরিকান ট্যোবাকো কোম্পানীর জেলা অফিসের নৈশ্য প্রহরী আবুল কালাম আজাদকে হত্যার করে ৬৫ লাখ টাকা লুট করে ডাকাতরা।
বেলা ১১টায় জেলার পুলিশ সুপার হামিদুল আলম তার কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ বলেন, “গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।”
তাদের জিজ্ঞাসাবাদের জন্য আগামী রোববার আদালাতের কাছে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।
