২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় চাঁদাবাজের গুলিতে ভাটাশ্রমিক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একটি ইটের ভাটায় গভীর রাতে এক শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 12:00 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বুধবার রাত ২টার দিকে কুমারী গ্রামের মুসা মিয়ার মালিকানাধীন ‘এম আর ব্রিকস’ নামের ইট ভাটায় ওই ঘটনায় আহত হয়েছেন আরো চার জন।

নিহত সুজন মৃধার (৩৫) বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার শাহপুর গ্রামে।

গুলিতে গুরুতর আহত আব্দুল লতিফকে (৩২) কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে একদল চাঁদাবাজ ইটখোলায় হানা দেয়। এ সময় তারা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান সুজন।

গুলিতে গুরুতর আহত হন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার লতিফ। এছাড়া চাঁদাবাজরা ইটখোলায় ঢুকে পিটিয়ে আহত করে আরো চারজনকে।

এরা হলেন- ঈশ্বরদীর শাহপুরের রবিউল ইসলাম (৩২), আব্দুর রাজ্জাক (৪৫), রবিউল হক (২৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের গোলাপ আলী (৪৫)।

পুলিশ জানায়, একদল চাঁদাবাজ দীর্ঘদিন ধরে ওই ভাটায় মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। তা না পেয়ে তারা শ্রমিকদের ভাটা বন্ধ রাখতেও বলে।

ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।