গোপালগঞ্জে ধর্ষণের পর তরুণীকে হত্যা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার বিকালে উপজেলার বড়ভাট্টা গ্রামের একটি ধানক্ষেতে নিহত শিউলী আকতার শিলার (১৯) লাশ পাওয়া যায়, যার গলায় ওড়না পেঁচানো ছিল।
তিনি বড়ভাট্টা গ্রামের মেয়ে বলে নিশ্চিত করেছে পুলিশ।
মুকসুদপুর থানার ওসি ফেরদৌছ হোসেন জানান, দুর্বৃত্তরা মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মোবাইল ফোনে শিলাকে ডেকে নিয়ে যায়। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেয়, বলেন তিনি।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
