জাবি শিক্ষক সমিতিতে জয় ‘শিক্ষক ফোরামের’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনবিরোধী সাধারণ শিক্ষক ফোরাম, যে জোটে অধ্যাপক শরীফ এনামুল কবিরের সমর্থকদের পাশাপাশি বিএনপিপন্থী শিক্ষকরা রয়েছে।
বুধবার অনুষ্ঠিত এই নির্বাচনে ১৫টি পদের সব ক’টিতে হেরেছে আওয়ামী লীগপন্থী বাকি শিক্ষক এবং বামপন্থী শিক্ষকদের ‘মুক্তিযুদ্ধ ও প্রগতিবাদী চেতনায় বিশ্বাসী জোট এবং স্বতন্ত্র শিক্ষকদের সম্মিলিত প্যানেল’।
সভাপতি নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক হয়েছেন দর্শনের অধ্যাপক কামরুল আহছান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে বুধবার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত ভোটগ্রহণের পর বিকালে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আখতার মাহমুদ।
অধ্যাপক ফরিদ আহমেদ (বাঁয়ে) ও কামরুল আহছান
ভোটের ফলের প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুল আহছান বলেন, “নিরঙ্কুশ জয়ের মাধ্যমে অধ্যাপক আনোয়ার হোসেনের বিরুদ্ধে আমাদের আন্দোলনের যৌক্তিকতা প্রমাণিত হয়েছে।”
শিক্ষক-ছাত্রদের আন্দোলনের মুখে ২০১২ সালে আওয়ামীপন্থী শিক্ষকদের অন্যতম নেতা অধ্যাপক শরীফ এনামুল উপাচার্য পদ থেকে সরে দাঁড়ালে তার স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ারকে দায়িত্ব দেন রাষ্ট্রপতি।
এরপর অধ্যাপক আনোয়ার ভোটের মাধ্যমে উপাচার্য পদে স্থায়ী হলেও শরীফ এনামুল সমর্থক শিক্ষক এবং বিএনপিপন্থী শিক্ষকরা সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে আন্দোলনে নামে।
ওই আন্দোলনের মুখে বেশ কিছুদিন অবরুদ্ধ থাকার পর গত ১৩ জানুয়ারি পদত্যাগ করেন আনোয়ার হোসেন। এখন ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন উপউপাচার্য এম এ মতিন।
নির্বাচনের ফলের প্রতিক্রিয়ায় প্রগতিশীল শিক্ষকদের মোর্চা শিক্ষক মঞ্চের মুখপাত্র রায়হান রাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি-জামায়াত ও আওয়ামীপন্থীদের একাংশ যৌথভাবে বিশ্ববিদ্যালয়ে যে অন্যায় আধিপত্য কায়েম করেছে, তা আরো কিছুদিন অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিচ্ছে।”
সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে সমিতির ১৫টি পদের মধ্যে সহ-সভাপতি, সম্পাদক ও যুগ্ম-সম্পাদকসহ ছয়টি পদে বিজয়ীরা বিএনপি সমর্থক হিসেবে পরিচিত।
সভাপতি ও কোষাধ্যক্ষসহ ছয়টি জয়ী হয়েছেন আওয়ামীপন্থী শরীফ এনামুল সমর্থক শিক্ষকরা। অধ্যাপক হানিফ আলী ও অজিত কুমার মজুমদার সমর্থক আওয়ামীপন্থীরা জিতেছেন তিনটিতে পদে।
