ফেইসবুকে ফাঁসলেন দুই ছাত্রলীগ নেতা
ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি ও তার নিচে কুরুচিপূর্ণ মন্তব্যকে কেন্দ্র করে কোন্দলে জড়ানোর পর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে শাস্তি দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
শাস্তিপ্রাপ্ত নেতারা হলেন, কবি জসীম উদদীন হল ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি ও কেন্দ্রীয় উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক লিটন মাহমুদ।
মঙ্গলবার সন্ধ্যায় এ ব্যবস্থা নেয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিটনকে সাময়িক বহিষ্কার এবং মেহেদীকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।
“গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেইসবুকে স্ট্যাটাস’ দেয়াকে কেন্দ্র করে আজ (মঙ্গলবার) নিজেদের মধ্যে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।”
ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, মেহেদী গত শনিবার একটি ছবি তার ফেইসবুকে আপলোড করে, যা নিয়ে তার বন্ধুরা অশ্লীল অশ্লীল মন্তব্য করে।
ওই মন্তব্যগুলোর সমালোচনা করে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শামসুন নাহার হলের সাবেক সাধারণ সম্পাদক আফরিন নুসরাত একটি মন্তব্য করেন। এতে মেহেদীর ফেইসবুক বন্ধুরা ক্ষিপ্ত হয়ে নুসরাতকে জড়িয়ে মন্তব্য করতে থাকে।
ঘটনাটিকে ‘নারী ও নারী নেত্রীদের ওপর আঘাত’ হিসেবে আখ্যায়িত করে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে শামসুন নাহার হলের শিক্ষার্থীদের নিয়ে ‘সাধারণ শিক্ষার্থী ব্যানারে’ একটি প্রতিবাদ মশাল মিছিল করেন নুসরাত।
এসব ঘটনার পরে ছাত্রলীগের লিটন মাহমুদ তার ফেইসবুকে ‘মুখোশধারী ভদ্র মেয়েদের থেকে সাবধান’ উল্লেখ করে একটি স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসটি নুসরাতকে উদ্দেশ্য করে লেখা হয়েছে দাবি করে মঙ্গলবার দুপুরে মধুর ক্যান্টিনে লিটনের সঙ্গে নুসরাতের দেখা হলে তারা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে নুসরাত লিটনকে মারতে উদ্যত হলে উপস্থিত নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে স্ট্যাটাসটি নুসরাতকে উদ্দেশ্য করে লেখেননি দাবি করে লিটন সাংবাদিকদের বলেন, “আমার বাক-স্বাধীনতা রয়েছে। কাউকে উদ্দেশ্য করে নয়, ইচ্ছে হয়েছে, তাই স্ট্যাটাস দিয়েছি।”
