বেদখল হল উদ্ধারে জবিতে বিক্ষোভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হয়ে যাওয়া আবাসন হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্র জোট।
সোমবার দুপুর ১টার দিকে ‘হল উদ্ধার আন্দোলন দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে ভাস্কর্য চত্বরের সামনে সমাবেশ করেন প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিলটি প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বের করা হলেও ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরাও এতে যোগ দেয়। বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাসে কয়েক পাক দিয়ে ভাস্কর্য চত্ত্বরে এসে শেষ হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্ছালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জবি ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম সজিব, সহ-সভাপতি লাকি আক্তার, ছাত্রফ্রন্টের সভাপতি মাসুদ রানা, ছাত্র ফেডারেশনের সভাপতি তাহমিদা আক্তারসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০০৯ সালের ২৭ জানুয়া্রি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জবি প্রশাসন বেদখলকৃত হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবি মেনে নিলেও, যথাযথ উদ্যোগের কারণে এখনও তা বাস্তবায়ন হয়নি।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে দাবি বাস্তবায়নের দাবি জানান।
