২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে তিন কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 03:07 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সোমবার একটি আবেদনের শুনানি করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এই আদেশ দেন।

গতবছর ১৭ ডিসেম্বর গুলশান থানায় দুদকের করা এই মামলায় মওদুদকে জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার আবেদন করেছিলেন দুদকের উপপরিচালক হারুনুর রশিদ।

শুনানির জন্য বিএনপির এই নেতাকে সোমবার কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

মওদুদ আহমদ আদালতকে বলেন, তিনি অসুস্থ। এ অবস্থায় তাকে কাশিমপুর থেকে আদালতে আনার কোনো দরকার ছিল না।

“দুদক তার নিজস্ব আইনেই আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এতে কোনো বাধা নেই,” বলেন মওদুদ।

মামলার এজাহারে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে মওদুদ ১৯৭৮ সাল থেকে একটি বাড়ি দখল করে আছেন।

মামলার বাদি হারুনুর রশিদ মামলার দিন বলেছিলেন, গুলশানের যে বাড়িতে মওদুদ ও তার পরিবার থাকছেন, তার প্রকৃত মালিক পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির কাছ থেকে এহসান ওই বাড়ির মালিকানা পান।

পরে ১৯৬৫ সালে  বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তার অস্ট্রেলীয় স্ত্রী ইনজে মারিয়ার নামও অন্তর্ভুক্ত করা হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে এহসান স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়। ১৯৭৩ সাল থেকে মওদুদ এ বাড়িতে থাকছেন বলে জানান হারুন।

মামলায় মওদুদ ও তার ভাই মঞ্জুর আহমদকে আসামি করেছে দুদক।

শুনানিতে অংশ নিয়ে আসামিপক্ষের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন  ও মাসুদ আহমেদ তালুকদার বলেন, “১৯৮০ সালে মওদুদ আহমদ আইনসম্মতভাবেই সম্পত্তিটি কিনে নেন। তাই এখানে আত্মসাতের কোনো কাহিনী নেই। এক্ষেত্রে তিনি ক্ষমতার অপব্যবহারও করেননি।”

তারা মওদুদকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আবেদনের বিরোধিতা করে জামিন চান।

অন্যদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ১৯৭২ সালের গেজেটে গুলশানের ১ বিঘা ১৩ কাঠা ১৪ ছটাক জমির ওই বাড়িটি পরিত্যাক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত। এটি এখনো সরকারি সম্পত্তি এবং এখনো অবমুক্ত করা হয়নি।

“ক্ষমতার প্রভাব খাটিয়ে মওদুদ এই সম্পত্তি নিজের নামে নিয়েছেন এবং তার ভাই মঞ্জুর আহমদ বরাবর বিক্রয়চুক্তি দেখিয়েছেন।”

শুনানি শেষে বিচারক মওদুদের জামিন আবেদন নাকচ করে তিন কার্যদিবসের মধ্যে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।