বিচারক হয়রানির অভিযোগ আইনজীবী সমিতির
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাসের রায় দেয়া বিচারককে হয়রানি করতেই তার সম্পদের হিসাব খোঁজা হচ্ছে বলে অভিযোগে করেছে বিএনপি-জামায়াতপ্রধান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
রোববার আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এজে মোহাম্মদ আলী সমিতির পক্ষে এক সংবাদ সম্মেলন ডেকে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে এজে মোহাম্মদ আলী বলেন, “বিচারক মোতাহার হোসেন দীর্ঘদিন সাক্ষ্যপ্রমাণ, যুক্তি-তর্ক শুনে গিয়াস উদ্দিন আল মামুনকে সাজা প্রদান করেন এবং তারেক রহমানকে বেকসুর খালাস প্রদান করেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গৃহিত হয়েছে এবং হাই কোর্টে বিচারাধীন রয়েছে।”
তিনি বলেন, এই বিচারক গাজীপুর বারে জেএমবি হামলা, খালাফ হত্যা, রমনা থানা মসজিদের ইমাম হত্যা ও ইডেনের ছাত্রী মিতু হত্যা মামলাসহ আরো বেশ কিছু চাঞ্চল্যকর মামলার রায় দিয়েছিলেন।
“কিন্তু যখনই তিনি তারেক রহমানের মামলায় যৌক্তিক রায় প্রদান করেছেন, তখনই বিচারকের বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ওই বিচারকের সম্পদের হিসাবের তদন্ত করাকে ‘প্রতিহিংসপরায়ণ’ আখ্যা দিয়ে তিনি বলেন, “তিনি তারেককে খালাস না দিলে এই তদন্ত হতো কি-না, আমাদের সন্দেহ রয়েছে।”
‘উদ্দেশ্যমূলক এই তদন্তে’ দেশের সব বিচারক ও বিচারপতিদের মনে আতঙ্কের সৃষ্টি করতে পারে বলে উল্লেখ করেন তিনি।
“দুদক ও সরকারের বিরুদ্ধে কোনো বিচারক রায় প্রদান করলে হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা থাকায় স্বাধীনভাবে ন্যায় বিচার প্রদানে অনেকে শঙ্কিত থাকবে।
“আমরা স্বাধীন বিচার বিভাগের স্বার্থে এই রকম হয়রানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ওই মামলায় তারেক রহমানের আইনজীবী ও সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
