২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি নেতৃত্বাধীন জোটের কর্মসূচি ঘিরে সহিংসতার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সহিংসতা বন্ধ না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তাজুল ইসলাম রেজা

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 06:50 PM

Updated : 13 Oct 2022, 11:46 AM

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো ধরনের সহিংস পরিস্থিতি এড়াতে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

শনিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে বিএনপি-জামায়াত কর্মীদের হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী একথা বলেন। যুদ্ধাপরাধের বিচার এবং নির্বাচন ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্তরা এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপি-জামায়াত জোটের কর্মসূচি ঘিরে হামলা, জ্বালাও, পোড়াওয়ের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “এটা রাজনীতি না, জঙ্গিবাদী কর্মকাণ্ড। এটা অবশ্যই বন্ধ করতে হবে। অন্যথায় সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

“আমরা বাংলাদেশকে সন্ত্রাসী ও জঙ্গিবাদী দেশে পরিণত হতে দিতে পারি না।”

তিনি বলেন, “বিএনপি-জামায়াত নির্বাচন ঠেকানোর নাম করে স্কুল, কলেজ, ভোটার ও ভোটে  দ্বায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর তাণ্ডব চালিয়েছে। তারা মানুষের হাত-পায়ের রোগ কেটে দিচ্ছে। এদের হাত থেকে মহিলারাও রেহাই পায়নি।

“এমন বিভৎস চিত্র এর আগে বাংলার মানুষ কখনো দেখে নাই। সারা দেশের ন্যায় নির্বাচনকে কেন্দ্র করে তারা গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জে এ তাণ্ডব চালিয়েছে।”

প্রসাশনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, “জঙ্গিবাদী কর্মকাণ্ড কঠোর হস্তে বন্ধ করতে হবে। যারা এর সাথে জড়িত তাদের বিচার এ সরকার করবে।”

সহিংসতায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে শেখ হাসিনা বলেন, “আপনাদের নিহত সন্তানকে হয়তো ফেরত দিতে পারবো না। কিন্তু আগামীতে যাতে এরকম ঘটনা না ঘটে সে ব্যবস্থা নেয়া হবে। মানুষের জানমালের শান্তি ও নিরাপত্তার জন্য যা যা করা দরকার এ সরকার তা করবে।”

পরে নিহত তিন জনের পরিবারকে ১০ লাখ করে এবং আহত ও ক্ষতিগ্রস্ত ৬৯টি পরিবার এবং তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার থেকে এক লাখ টাকার চেক দেন প্রধানমন্ত্রী।

নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া গ্রামের (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের ছাত্রলীগের সহ-সভাপতি) খলিলুর রহমান মামুন, জামালহাটের আব্দুল হালিম এবং কে কৈ কাশদহ গ্রামের সত্যেন চন্দ্র।

এর আগে বেলা ১২টা ৫৫ মিনিটে গাইবান্ধার তুলসীঘাট হেলিপ্যাডে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সড়ক পথে বেলা সোয়া ১টায় গাইবান্ধা সার্কিট হাউজ মিলনায়তনে আসেন তিনি।

এ সময়  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী ফারুক খান, আব্দুর রাজ্জাকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।