মাওয়া ঘাটে তীব্র যানজট
মাওয়া ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও যানজটের ভোগান্তি পোহাচ্ছে যাত্রীরা।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের ভিড়ের সঙ্গে আটরশিগামী ভক্তদের অতিরিক্ত গাড়ির চাপ যোগ হওয়ায় মাওয়া ও কাওড়াকান্দি উভয় ঘাটে আটকা পড়েছে সাত শতাধিক যান।
মাওয়া থেকে আড়াই কিলোমিটার দূরে শ্রীনগর উপজেলার দোগাছি বাজারের কাছিকাছি মিনার মসজিদ পর্যন্ত যানযট ছড়িয়ে পড়েছে।
ফেরি পারাপারে অতিরিক্ত গাড়ির চাপে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক।
তিনি বলেন, “সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে গাড়ির চাপ এমনিতেই একটু বেশি থাকে। সেই সাথে ফরিদপুরের আটরশি পীরের ওরশের কারণে ভক্তদের অতিরিক্ত গাড়ির চাপে ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে।”
তাছাড়া বৃহস্পতিবারের আটকা পড়া দুই শতাধিক পণ্যবাহী ট্রাক এখনও পারাপারের অপেক্ষায় রয়েছে।
দিনের বেলায় যাত্রীবাহী পরিবহণ ও প্রাইভেট কারকে অগ্রাধিকার দিয়ে পার করায় এসব ট্রাক শুক্রবার দিনে পার করা সম্ভব হয়নি।
কয়েকটি ট্রাক সিরিয়াল ভেঙে ঘাটে চলে গিয়ে এলোমেলোভাবে রাখায় ফেরি থেকে গাড়ি ওঠা-নামায় প্রতিবন্ধকতার সৃষ্টি হলে যানজট আরও বেড়ে যায় বলে জানান তিনি।
শুক্রবার রাতে কুয়াশা ঘন না হলে যানজট কমে আসবে বলে আশা করছেন তারা।
ঘন কুয়াশার কারণে এ ঘাটে প্রায়ই ফেরি চলাচল বন্ধ থাকে।
