২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমার জন্য প্রস্তুত তুরাগ তীর

টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমার প্রথম দফায় অংশ নিতে এরই মধ্যে হাজির হয়েছেন দেশ-বিদেশের মুসল্লিরা।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 11:16 PM

Updated : 13 Oct 2022, 11:45 AM

শুক্রবার শুরু হতে যাওয়া ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে দুদিন আগে থেকেই ইজতেমা ময়দানে আসতে থাকেন মুসল্লিরা। ইতিমধ্যে নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন তারা।

এখনো বাস,ট্রেনসহ বিভিন্ন পথে দলে দলে আসছেন মুসল্লিরা।   

আগামী ২৬ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার  প্রথম দফা।

চার দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় দফার ইজতেমা। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এদিকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরুর আগেই টঙ্গী স্টেশন রোড ও কামারপাড়াসহ ইজতেমা ময়দানের আশপাশের এলাকায় দীর্ঘ যানজট হতে দেখা গেছে।

বিশেষ করে স্টেশন রোড থেকে কামারপাড়া সড়কে সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমেই দেখা দেয় যানজট। এ সড়ক ধরেই বিদেশিসহ উত্তরাঞ্চলের মুসল্লিরা ইজতেমার মাঠে ঢুকছেন।

নিশ্ছিদ্র নিরাপত্তা

এবার আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য ইজতেমা মাঠের নিরাপত্তায় নিয়োজত থাকছেন।

বৃহস্পতিবার সকালে ইজতেমার সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)মাঠে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন।

তিনি বলেন,টঙ্গী ব্রিজ থেকে জয়দেবপুর চৌরাস্তা,মন্নুগেট থেকে কামারপাড়া পর্যন্ত এবং তুরাগ নদীসহ পুরো এলাকাকে পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে।

প্রতিটি সেক্টরে একজন করে অতিরিক্ত পুলিশ সুপারের পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন।

এছাড়া বিভিন্ন স্থানে চেকপোস্ট,ওয়াচ টাওয়ার এবং ইজতেমার প্রতিটি প্রবেশ পথে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক নিরাপত্তা তদারক করা হবে।

এছাড়া বাইনোকুলার,মেটাল ডিটেক্টর ও নিয়ন্ত্রণ কক্ষও থাকছে।

পুলিশ সুপার জানান, পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন স্থানে নিরাপত্তারক্ষা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।

আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।

এসময় পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামানসহ পুলিশ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া ইজতেমা মাঠের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করবে বলে বুধবার জানান বাহিনীটির মহাপরিচালক মোখলেছুর রহমান।

এদিকে বৃহস্পতিবার থেকে ইজতেমা এলাকায় র‌্যাবের হেলিকপ্টার টহল শুরু হয়েছে।র‌্যাবের বোমা স্কোয়াড ও স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে। 

মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ

ইজতেমায় আসা মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বৃহস্পতিবার সকালে টঙ্গী সরকারি হাসপাতালের মিলনায়তনে স্থানীয় হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সেফায়েতউল্লাহ।

ইজতেমার সময় হোটেল,রেস্তোরাঁয় খাবারের দাম না বাড়ানো,পরিচ্ছন্ন পরিবেশ,বাসি-পঁচা খাবার পরিবেশন না করতে পরামর্শ দেন।

অনিয়ম হলে দায়ীদের শাস্তি ও জরিমানা করার বিষয়ে সভায় সতর্ক করা হয়।

বৃহস্পতিবার থেকেই স্বাস্থ্য বিভাগের ছয়টি ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে। ফেব্রুয়ারিতে ইজতেমার শেষ পর্যন্ত প্রতিদিন এই আদালতের অভিযান চলবে। 

বিনামূল্যে চিকিৎসা

মুসল্লিদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে এবারো সরকারি-বেসরকারিভাবে নানা উদ্যোগ নেয়া হয়েছে। মন্নু নগরসহ ইজতেমা মাঠের  আশপাশে প্রায় অর্ধশত বিনামূল্যের চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয় ও র‌্যাবের চিকিৎসা কেন্দ্র থেকেও সেবা দেয়া শুরু হয়েছে।

ঢাকা বিভাগের ১৭টি জেলা থেকে শতাধিক চিকিৎসক আনা হয়েছে।

বৃহস্পতিবার থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দিনে তিন পর্বে মুসল্লিদের সেবা দেবেন তারা।

এছাড়া টঙ্গী হাসপাতালের মেডিসিন,সার্জারি,চক্ষু,ট্রমা,বার্ণ ইউনিট, কার্ডিওলজি ও অ্যাজমাসহ আটটি ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকরা  মুসল্লিদের সেবা দেবেন।এ  হাসপাতালে ৫০টি শয্যাও বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

ইজতেমা উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের পাঁচটি ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়সতার জন্য জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে আরো  ১১ জন ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করবেন।

যে কোনো প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের ৯৮১৩৪০১ ও ৯৮১৩৪০২ নম্বরে ফোন করা যাবে।