ঢাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
রাজধানীর মগবাজার চৌরাস্তায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মাহবুবুর রহমান রানা (২৮) ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনটির রমনা থানা কমিটির অন্যতম শীর্ষনেতা ছিলেন।
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মগবাজার চৌরাস্তায় মসজিদ সংলগ্ন গলিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রানাকে খুন করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রমনা থানা ওসি মশিউর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় রানাকে কোপানোর খবর শুনে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে দুটি হাতবোমা ও একটি রক্তমাখা রামদা পাওয়া যায়।
স্থানীয়রা রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ধারণা দিতে পারেননি ওসি।
