২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি ধরতে গিয়ে হামলার শিকার, ৫ পুলিশ আহত

রংপুর নগরীতে আসামি ধরতে গিয়ে হাতবোমা হামলায় পাঁচ পুলিশ আহত হয়েছে। এ সময় পুলিশের গুলিতে এক হামলাকারীও আহত হয়।

রংপুর প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 06:31 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

কোতোয়ালি থানার পরিদর্শক(তদন্ত) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে নগরীর ধাপ চিকলি এলাকায় এ ঘটনায় আহত পাঁচ কনস্টেবলকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন-কনস্টেবল শাহাবুদ্দিন, শরিফুল ইসলাম, আব্দুল বারেক, আল আমীন ও বদিউজ্জামান।

এছাড়া আহত হামলাকারী জয়নাল মির্জাকে (২৫) আটক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মির্জা বাহিনীর প্রধান জয়নাল মির্জাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। ধাপ চিকলি এলাকায় একটি বাড়িতে মির্জাসহ পাঁচ সন্ত্রাসী অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়।

“এসময় আমাদের লক্ষ্য করে পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। এক পর্যায়ে এক পুলিশ কনস্টেবলকে চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা কররলে মির্জার পা লক্ষ্য কয়েকরাউন্ড গুলি করা হয়।”

পায়ে দুটি গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়েছে এবং অন্যরা পালিয়ে গেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি হাতবোমা ও ৪টি চাপাতি উদ্ধার করে।

জয়নালের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে ২০টি মামলা রয়েছে বলে জানান তিনি।