২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

লক্ষ্মীপুরে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে স্থানীয় যুবদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 11:44 AM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বুধবার রাত দেড়টার দিকে চরশাহী ইউনিয়নের ধর্নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম দিদারুল আলম দিদার (৪০)। তিনি সদর উপজেলার চরশাহী ইউনিয়ন যুবদলের একজন সাবেক নেতা।

বৃহস্পতিবার ভোরে র‌্যাব সদস্যরা সদর হাসপাতাল মর্গে তার লাশ হস্তান্তর করে।

দিদার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পাটরামপুর গ্রামের মৃত সফিক উল্যা পাটওয়ারীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

র‌্যাব-১১’র মেজর সাহেদ জানান, বুধবার রাতে উপজেলার চরশাহী এলাকায় সন্ত্রাসীদের আটকে অভিযান চালালে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসী দিদার বাহিনীর প্রধান দিদারুল আলম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।”

ঘটনার সময় র‌্যাব সদস্যরা আনুমানিক ৬০ রাউন্ড এবং সন্ত্রাসীরা ৪০ রাউন্ড গুলি ছোড়ে বলে দাবি র‌্যাবের।

স্থানীয়রা জানায়, দিদার এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। প্রতিপক্ষ ‘ছলেমান বাহিনী’র সঙ্গে তার বাহিনীর বেশ কয়েকবার বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটেছে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, দিদারের  বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে।

জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন বলেন, “দিদার এখন যুবদলের কেউ নয়। শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”