২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বিএনপি ও জামায়াতকর্মী গ্রেপ্তার

নীলফামারীতে ভোট কেন্দ্রে সহিংসতা, অগ্নিসংযোগ ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের মামলায়  বিএনপি এবং জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 08:14 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

মঙ্গলবার রাত ও  বুধবার দুপুরে সদর, জলঢাকা ও ডিমলা উপজেলার বিভিন্ন স্থানে এ গ্রেপ্তার অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন সদরের বিএনপি কর্মী জয়নাল আবেদীন (৫০), জলঢাকার জামায়াতকর্মী সৈয়দ আলী (৫৫), তার ছেলে শিবিরকর্মী মশিউর রহমান টুনু (২২) এবং ডিমলার জামায়াতকর্মী আজহারুল ইসলাম (৫০)।

সদর থানার ওসি শাহজাহান পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার ইটাখোলা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাঙচুরের মামলায় জয়নালকে মঙ্গলবার রাতে শহরের আনন্দো বাবুর পুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, ভোটকেন্দ্রে সহিংসতার মামলায় মঙ্গলবার রাতে ও বুধবার দুপুরে সৈয়দ আলী ও তার ছেলে টুনুকে গ্রেপ্তার করা হয়।

একই অভিযোগে দুপুরে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিমলা থানার ওসি আজিম উদ্দিন।

ওসিরা জানান, গ্রেপ্তারদের বুধবার বিকালে আদালতে হাজির করা হলে জেলহাজতে পাঠানো হয়।