২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়াইগ্রামে চার ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

ঘন কুয়াশার মধ্যে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চার ট্রাকের সংঘর্ষের পর একটি উল্টে তিনজন নিহত হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 07:22 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বুধবার আগ্রাণ এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন ট্রাক চালক চাঁপাইনবাবগঞ্জ শহরের রেজাউল ইসলাম ওরফে সেলিম (৩৫), চালকের সহকারী একই জেলার মহিবুল হোসেন (৩২) ও ট্রাক মালিকের প্রতিনিধি কিশোরগঞ্জের মেহের আলী (২৫)।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক নিকুঞ্জ কুমার বলেন, সকাল পৌনে ৮টায় ঢাকা থেকে সিমেন্ট ও পাথর বোঝাই চারটি ট্রাক বনপাড়ার দিকে আসছিল।

বড়াইগ্রামের আগ্রাণ আট নম্বর সেতুর কাছে পোঁছার পর পেছন থেকে ট্রাকগুলো একে অপরকে ধাক্কা দেয়। এতে সিমেন্ট বোঝায় একটি ট্রাক সেতু থেকে নিচে পড়ে যায়।

এছাড়া অপর তিনটি ট্রাক সড়কের পাশে কাত হয়ে থাকে। এর একটিতে পাথর ও বাকিগুলোতে সিমেন্ট ছিল।

পরে মহাসড়ক পুলিশ গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। আরো পরে আসে নাটোর থেকে ফায়ার সার্ভিস। বিকাল ৪টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।

এসআই নিকুঞ্জ কুমার আরো জানান, ঘন কুয়াশার কারণে চালকরা একে অপরকে দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

লাশগুলো ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বাকি তিনটি ট্রাকের চালক ও সহকারীরা ঘটনার পর পালিয়ে গেছে।