২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ৩৪টি ইটভাটার বিরুদ্ধে মামলা

গুনগত মান যাচাই ছাড়াই ইট উৎপাদন ও বিক্রির অভিযোগে চট্টগ্রামের ৩৪টি ইটভাটার বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 07:08 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বুধবার চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিমের আদালতে এসব মামলা করা হয় বলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিএসটিআইয়ের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শওকত ওসমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ ও ২১ জানুয়ারি ফটিকছড়ি, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার মোট ৫০টি ইটভাটায় অভিযান চালানো হয়।

এর মধ্যে ৩৪টিতে বাংলাদেশ সরকারের জারি করা ‘বাংলাদেশ মান’ যাচাই না করেই ইট তৈরি ও বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।

‘বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫ এবং সংশোধিত আইন ২০০৩’ এর ২৪ ও ৩১ ধারা অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর মধ্যে রয়েছে ফটিকছড়ি উপজেলার ২২টি, লোহাগাড়া উপজেলার ১১টি এবং সাতকানিয়া উপজেলার একটি ইটভাটা।

এছাড়া ফটিকছড়ির দুটি বেকারিতে মান যাচাই না করে এবং বিএসটিআইয়ের সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রি করায় এগুলোর মালিকদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।