রাবির ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার
বিরোধীদলের কর্মসূচির মধ্যে পাঁচবার পেছানোর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।
প্রথমদিন ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক এন্তাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) বিজোড় রোল নম্বর, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একই ইউনিটের জোড় রোল নম্বর, দুপুর ১টা থেকে ২টা ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) বিজোড় রোল নম্বর এবং বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার ‘ই’ (সামাজিক বিজ্ঞান অনুষদ) ও ‘ডি’ (বাণিজ্য অনুষদ) ইউনিটের, শনিবার ‘সি’ (বিজ্ঞান অনুষদ) ও ‘এইচ’ (প্রকৌশল অনুষদ) ইউনিটের, রোববার ‘এফ’ (জীব ও ভূ-বিজ্ঞান) ও ‘জি’ (কৃষি অনুষদ) ইউনিটের এবং সোমবার বাংলা, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সাহায্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প ডেক্স বসালেও কর্তৃপক্ষ এবার ক্যাম্পাসে সকল ধরনের হেল্প ডেক্স নিষিদ্ধ করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের তত্তাবধানে ক্যাম্পাসের কাজলা গেটে, প্রশাসন ভবনের সামনে ও দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে হেল্প ডেক্স থাকছে।
এসব হেল্প ডেক্স সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে, যেখানে বিশ্ববিদ্যালয় সর্ম্পকিত বিভিন্ন তথ্য পাওয়া যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রাখতে ক্যাম্পাসে সকল ধরনের হেল্প ডেক্সসহ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে তিনটি হেল্প ডেক্স দেয়া হয়েছে। শিক্ষার্থীরা এখান থেকে বিভিন্ন তথ্য জানতে পারবে।
এ বছর বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৬০১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন ১ লাখ ৬৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী। এ হিসাবে প্রতি আসনের জন্য ৪৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা।
