২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আক্রমণ হলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না’

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ হলে তারা বসে থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 12:18 AM

Updated : 01 Sep 2026, 12:16 PM

মঙ্গলবার পিলখানার বীর উত্তম ফয়জুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি দিবস (দ্বিতীয় পর্ব) উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযানের নামে আইনশৃঙ্খলাবাহিনী দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে বলে বিএনপি যে অভিযোগ তুলেছে, তাকে ‘অসত্য’ বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

বর্তমান সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না জানিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে ঘিরে তাদের ওপর আক্রমণ চালালে তারা তো বসে থাকতে পারে না।

“নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা মানুষের বাড়িঘরে আগুন দিচ্ছে। তারা ছাত্রলীগের ছেলেদের পায়ের রগ কেটে দিচ্ছে, যুবলীগের নেতাকর্মীদের হত্যা করছে।”

কারা সহিংসতা সৃষ্টি করছে সে ব্যাপারে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে যৌথবাহিনীর সদস্যরা, বলেন তিনি।

সীমান্তে হত্যা সহনীয় পর্যায়ে আনতে বাংলাদেশ ও ভারতের আন্তরিকতার অভাব নেই বলেও জানান কামাল।

তিনি বলেন, “কেবল আলোচনার মাধ্যমেই সীমান্তে হত্যাকাণ্ড অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

পরে বিজিবি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে দশম সংসদ নির্বাচন ও নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় নির্যাতনের শিকার সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোয় বিজিবি সদস্যদের প্রশংসা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিজিবির খেতাবপ্রাপ্ত ১১৩ জন মুক্তিযোদ্ধার পরিবারকে ও ২০১৩ সালে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য ৬০ সদস্যকে ৪টি ক্যাটাগরিতে পদক দেয়া হয়।

অনুষ্ঠনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, মহাপরিচালকের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা প্রমুখ।