২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার  রুল

জমি সংক্রান্ত এক মামলায় আদালতের নির্দেশনা না মানায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আড়াইহাজার থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিসহ সাত জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 07:53 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশারাফুল কামালের বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করে।

১৯৭৫ সালে কেনা একটি জমির দখল মালিককে বুঝিয়ে দিতে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা না নেয়ায় হাই কোর্টে একটি রিট আবেদন করেন ইব্রাহীম মোল্লা নামে এক আইনজীবী।

আবেদনে বলা হয়, ইব্রাহীম মোল্লা ও তার ভাই ছাত্তার মোল্লা ১৯৭৫ সালে সত্যরঞ্জন দাস গুপ্ত নামের এক ব্যক্তির কাছ থেকে ৪০ শতাংশ জমি কেনেন। কিন্তু পরে আরএস খতিয়ানে তাদের নাম না আসায় ১৯৯১ সালে খতিয়ানের সংশোধনী চেয়ে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টে মামলা করেন তারা। এরপর তাদের পক্ষে ডিক্রি জারি করেন নারায়ণগঞ্জের সহকারী জেলা জজ।

একই বছর জমির কিছু অংশ দেওয়ান আলী নামে এক ব্যক্তি দখল করলে জেলা জজ কোর্টে আরেকটি মামলা করেন ইব্রাহীম। ওই মামলার শুনানি শেষে বাদীপক্ষকে জমির দখল বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন জেলা জজ।

ওই দুই নির্দেশ বাস্তবায়নে কোনো পদক্ষেপ না নেয়ায় ২০১৩ সালে হাই কোর্টে এই আবেদন করেন ইব্রাহীম।

হাই কোর্টে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আলমগীর হোসেন, আতাউর রহমান ও মোস্তফা আহমেদ।