চট্টগ্রামে হেলেছে সাততলা ভবন
চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় একটি সাত তলা ভবন হেলে পড়ায় বাসিন্দাদের সরে যেতে বলেছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে পাঁচলাইশ থানা এলাকার মুরাদপুরে আর এফ নিকেতন নামে ওই ভবনের সামনের অংশে বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দেয় এবং ভবনটি কিছুটা হেলে পড়ে।
“ভবনের সামনের দিকের পিলার, ফ্লোর ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানোর পর মধ্যরাতে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ভবনটি পরিদর্শন করেছে।”
ওই ভবনে ২৪টিরও বেশি পরিবার বাস করে জানিয়ে তিনি বলেন, ভবনটি সামনের দিকে হেলে পড়েছে। এ কারণে আগে সামনের দিকের পরিবারগুলোকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ভবনটির পাশেই নতুন একটি ভবন নির্মাণের জন্য মাটি কাটার কাজ চলছে। এ কারণেই এমন হয়েছে কি-না, অথবা সাত তলা ভবনটির নির্মাণে ক্রুটি ছিল কিনা- তা খতিয়ে দেখতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
