প্রার্থী ভিন্ন, জবাব এক
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দুই প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আলাদাভাবে কারণ দর্শানোর চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন; উত্তর যা এসেছে তা হুবহু এক, শুধু নাম ভিন্ন, আসন ভিন্ন ।
তারা হলেন যশোর-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শেখ আফিল উদ্দীন ও ভোটে বেসরকারিভাবে জয়ী যশোর-২ আসনের প্রার্থী মনিরুল ইসলাম।
নোটিসের জবাবে নির্বাচন কমিশন ও গণমাধ্যমের কঠোর সমালোচনা করেছেন তারা, যার অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।
তারা বলছেন, ভোটের পরে তাদের প্রার্থিতা বাতিলের কোনো সুযোগ নেই। শুধু রিটার্নিং কর্মকর্তা চাইলে ভোটের আগে তা করার সুযোগ ছিল।
একই সঙ্গে ‘অসম্মানজনকভাবে’ দুই প্রার্থীর বিরুদ্ধে ‘আপত্তিকর’ শব্দ ব্যবহার করার অভিযোগও তুলেছেন তারা। ওই শব্দ প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছেন।
এই দুই জনের দাবি, ‘জালিয়াতি ও ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্যনির্ভর সংবাদ’ তাদের নামে পরিবেশন করা হয়েছে।
ভোটের আগে ১ জানুয়ারি ‘প্রতি কেন্দ্রে ১শ’ জন কর্মী নৌকা প্রতীকে ভোটকেন্দ্র দখল করে জয় সুনিশ্চিত করবে’ এমন বক্তব্য দেয়ার অভিযোগ নির্বাচনী তদন্ত কমিটিতে প্রমাণিত হওয়ায় ৭ জানুয়ারি কারণ দর্শানো নোটিস দেয় ইসি।
৫ জানুয়ারি দুই আসনে নির্বাচিত হন আওয়ামী লীগের এ দুই প্রার্থী।
‘কেন প্রার্থিতা বাতিল করা হবে না’ জানতে চেয়ে নির্বাচন কমিশনের নোটিসের জবাব দেন ১৫ জানুয়ারি।
একই রকমের ছয় পৃষ্ঠার পৃথক পৃথক জবাবে নির্বাচন কমিশন, তদন্ত কমিটি ও পাঁচটি গণমাধ্যমের [দিনকাল, মানবজমিন, প্রথম আলো, ডেইলিস্টার, ঢাকা ট্রিবিউন] কঠোর সমালোচনা উঠে এসেছে।
ইসি কর্মকর্তারা জানান, ঘোষিত ফল অনুযায়ী তাদের বেসরকারিভাবে ‘জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী’র গেজেট প্রকাশ করে। এরপর শপথ হলেই সংসদ সদস্য হন তারা।
এ দুই প্রার্থী বিজয়ী হলেও তাদের গেজেট প্রকাশ করেনি এখনো ইসি।
চিঠিতে একই ভাষায় বলা হয়, “আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি-আমার জানামতে তদন্ত কমিটি কোনো তদন্তই করেনি। তদন্ত করলে নিশ্চয়ই তারা আমাকে ডাকতেন, বক্তব্য শুনতেন।...ফলে তদন্ত প্রতিবেদন আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য কোনো প্রতিবেদন নয়।”
জবাবে তারা লেখেন, “কারণ দর্শানো নোটিসের তৃতীয় প্যারায় ব্যবহৃত ‘অপকর্ম’ শব্দটি আপত্তিকর। শব্দের ব্যবহার পূর্বনির্ধারিত দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। এ শব্দটি আমার বিরুদ্ধে অসম্মানজনক উপায়ে ব্যবহার করা হয়েছে।”
গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ ই অনুযায়ী নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা বাতিল করতে পারবে না বলে মনে করে আফিল-মনিরুল।
জবাবে তারা লেখেন, আরপিও’র ৯১ ই অনুচ্ছেদের প্রার্থিতা বাতিলের যে বিধান রাখা হয়েছে তা কেবল রিটার্নিং অফিসার ফল ঘোষণার আগে প্রয়োগ করতে পারেন। এ বিধান ভোট সুষ্ঠুভাবে করার জন্যই করা হয়েছে। নির্বাচিত হিসাবে ঘোষিত প্রার্থীর ক্ষেত্রে ৯১ ই অনুচ্ছদ ক্ষমতা প্রয়োগ করার কোনো সুযোগ রাখা হয়নি।
ভোটকেন্দ্র দখল নিয়ে নৌকা প্রতীকে জয় সুনিশ্চিত করার বিষয়ে গণমাধ্যমে পরিবেশন করা সংবাদের ‘কথাগুলি সম্পূর্ণ অসত্য’ বলেও উল্লেখ করে দুই প্রার্থী।
এদিকে এ দুই নির্বাচিত প্রার্থীর লিখিত জবাবের সার্বিক বিষয়ে ইসির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সোমবার সাংবাদিকদের বলেন, “আমরা তাদের লিখিত জবাব পেয়েছি। পর্যালোচনা চলছে। তাদের শুনানিরও সুযোগ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি করবো।”
ইসি কর্মকর্তারা জানান, আগামী ২৭ জানুয়ারি দুই প্রার্থীর শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
এ পর্যন্ত ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩৪, জাতীয় পার্টি ৩৪, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, স্বতন্ত্র ১৬, তরিকত ২, জেপি ১ ও বিএনএফ ১ টি আসন পায়। তবে যশোর-১ ও যশোর-২ আসনের গেজেট এখনো করে নি ইসি।
জেপি প্রার্থী এগিয়ে থাকা কুড়িগ্রাম-৪ আসনের ভোটও শেষ হবে শিগগির।
আওয়ামী লীগের দুই প্রার্থীকে ইসির নোটিশ
