২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অপহৃত শিশু নরসিংদীতে উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে দেড় বছরের এক শিশুকে অপহরণের ২৪ ঘণ্টা মধ্যে নরসিংদী থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 09:58 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

সোমবার ভোর ৫টায় নরসিংদীর মাধবদী এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা শিশুটির নাম সুমাইয়া আক্তার। তার বাবা মো. সুমন  সদর উপজেলার ফতুল্লার রামারবাগ এলাকার ভাড়াটিয়া।

৩০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে সুমাইয়াকে অপহরণ করা হয়েছিল বলে এক সংবাদ সম্মেলনে জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

সোমবার বেলা ৩টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

রোববার বিকেলে সুমাইয়াকে বেড়ানোর কথা বলে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী বোরহানউদ্দিন ও তার স্ত্রী শরীফা।

মোবাইল ফোনে সুমাইয়ার বাবা সুমনের কাছে মুক্তিপণ হিসেবে ৩০ হাজার টাকার দাবি করেন তারা। টাকা না দিলে শিশু সুমাইয়াকে হত্যার হুমকিও দেয়া হয়।

সুমন ঘটনাটি ফতুল্লা মডেল থানা পুলিশকে জানান। পুলিশ প্রযুক্তির সহায়তায় নরসিংদীর মাধবদী এলাকায় অভিযান চালিয়ে শিশু সুমাইয়াকে উদ্ধার করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায় বলে জানান, পুলিশ সুপার সৈয়দ ইসলাম।

অপহরণকারীদের ধরার জন্য পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।