বিএসএফ ক্যাম্পের পেছনে মিলল বাংলাদেশির লাশ
যশোরের বেনাপোলের বিপরীতে ভারতের জৈয়ন্তিপুর বিএসএফ ক্যাম্পের পেছন থেকে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে বিএসএফ।
সোমবার বিকালে উদ্ধার হওয়া লাশটি যশোরের শার্শা উপজেলার জামতলা গ্রামের প্রয়াত খবির সরদারের ছেলে আক্তার হোসেন পালসারের (২২)।
নিহতের মা জবেদা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকালে তার ছেলে আক্তার কয়েকজন বন্ধুর সাথে বেনাপোল চেকপোস্ট রেললাইন সীমান্ত দিয়ে ভারতে যান।
রাতে সবাই বাড়ি ফেরে; তবে ফেরেনি পালসার। তাই সকালে তার বন্ধুদের বাড়িতে গিয়ে খোঁজ করেও সন্ধান মেলেনি ছেলের বলে জানান তিনি।
যশোর ২৬ব্যাটালিয়নের চেকপোস্ট বিজিবি-র সুবেদার মোহাম্মাদ আবদুল্লাহ জানান, জৈয়ন্তিপুর বিএসএফ ক্যাম্পের পেছন থেকে এক যুবকের লাশ উদ্ধারের খবর শুনে বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম সেখানে গিয়ে ছবি তুলে আনেন।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত আক্তারের মা ক্যাম্পে এসে কান্নাকাটি করলে উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে তিনি বিএসএফ ক্যাম্পে গিয়ে মোবাইল ফোনে লাশের ছবি তুলে আনেন।
তা দেখে লাশটি তার ছেলের বলে দাবি করে আক্তারের মা।
“তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।”
লাশটি বিএসএফ উদ্ধার করে ভারতের বনগাঁ থানায় পাঠিয়েছে বলে জানায় বিজিবি।
