২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের সাতদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 12:40 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

বাঞ্ছারামপুর থানার ওসি মো. আলাউদ্দিন চৌধুরী জানান, সোমবার সকালে উপজেলার রূপসদী গ্রামের একটি ডোবা থেকে সাগর সাহার (১৪) লাশটি উদ্ধার করা হয়।

ওই গ্রামের হিরা লাল সাহার ছেলে সাগর স্থানীয় বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

ওসি মো. আলাউদ্দিন বলেন, গত ১৩ জানুয়ারি রাতে বন্ধুদের সঙ্গে গ্রামের একটি পূজায় গিয়ে আর বাড়ি ফেরেনি সাগর। এরপর তাকে অনেক খোঁজাখুজি করা হয়। পরে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।

“সকাল ৮টার দিকে বাড়ির পাশ্ববর্তী ডোবায় লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।”

মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে বলেও ওসি জানান।