নাট্যকর্মী শাহ্ ফরহাদ মারা গেছেন
নোয়াখালী থিয়েটারের মহা-পরিচালক শামছুদ্দিন ফরহাদ ওরফে শাহ্ ফরহাদ (৬৫) মারা গেছেন।
রোববার সন্ধ্যায় জেলা শহরের হাউজিং এস্টেটের বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, শাহ্ ফরহাদ হাউজিংয়ে একটি ভাড়া বাসায় বেশ কিছুদিন থেকে একাই থাকতেন। শনিবার বাসায় ফেরার পর থেকে তার মোবাইলে ফোন দিয়ে পাওয়া যাচ্ছিল না। পরে সহকর্মীরা বাসায় এসেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে বিছানায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে।
শামছুদ্দিন ফরহাদ নোয়াখালী জেলা শহরের ল’ইয়ার্স কলোনির মৃত ফয়েজ আহম্মদের ছেলে। তিনি নোয়াখালী থিয়েটারের মহা পরিচালক ছাড়াও অভিনয় নোয়াখালী, চারণিক নাট্যগোষ্ঠী, গ্রাম থিয়েটার ফেডারেশন, গ্রুপ থিয়েটারসহ বিভিন্ন নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
মঞ্চ নাটক দিয়ে নাট্য জগতে যাত্রা শুরু হলেও টেলিভিশনে তার লেখা ও পরিচালনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- কৃতদাস, দুঃসময়, রেইনকোট, কাঠ। নাটক লেখা ও পরিচালনার পাশাপাশি তিনি একজন অভিনেতাও ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
